সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট প্রথমবারের মতো মাঠে গড়াবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৬টি দল অংশ নেবে। দলগুলো হলো গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম।
দক্ষিণ আফ্রিকার তিন তারকার মালিকানা
টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি দলের মালিকানা কিনেছেন দক্ষিণ আফ্রিকার তিন তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন ও কিংবদন্তি জন্টি রোডস। ইটিপিএলের ফ্র্যাঞ্চাইজি ‘রটারডাম ডকার্স’-এর মালিকানা কিনেছেন তারা। ইউরোপের ছয়টি শহরে হবে এই লিগের ম্যাচগুলো। টুর্নামেন্টে রটারডাম ডকার্সকে নেতৃত্বও দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।
বলিউড তারকা অভিষেক বচ্চনের উদ্যোগ
বলিউড তারকা অভিষেক বচ্চন এই ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের অন্যতম প্রতিষ্ঠাতা। টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ইতিমধ্যে পাঁচটি বিক্রি হয়ে গেছে।
অন্যান্য দলের মালিকানা
এর আগে ইটিপিএলের ফ্র্যাঞ্চাইজি আমস্টারডামের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ ও দেশটির হকি কিংবদন্তি জেমি ডয়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্টের কর্ণধারদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরার মালিক নিউজিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এই দলের অধিনায়ক মিচেল স্যান্টনার। গ্লাসগো মাগাফিয়ান্সের মালিকানায় যুক্ত আছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। গুঞ্জন আছে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও যুক্ত হতে পারেন গ্লাসগোর মালিকানায়।
ফাফ ডু প্লেসির অনুভূতি
খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন, আবার দিনশেষে নিজেই নিজের দলের মালিক—বিষয়টি দু প্লেসির কাছে এখনো স্বপ্নের মতো। নিজের অনুভূতি জানিয়ে এই প্রোটিয়া তারকা বলেন, ‘এখনো বিষয়টা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমি এখনো নিজেকে স্রেফ একজন খেলোয়াড় হিসেবেই দেখি এবং মাঠে থাকতেই ভালোবাসি। এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর কিছু হতে যাচ্ছে। হাইনরিখ ক্লাসেন আর আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
নতুন লিগ বেছে নেওয়ার কারণ
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে কেন এই নতুন লিগকে বেছে নিলেন? দু প্লেসির সোজা সাপটা উত্তর, ‘যখন দুনিয়াজুড়ে এত এত লিগ, তখন সেখানে অংশ নেওয়ার পেছনে শক্ত কোনো অনুপ্রেরণা থাকা জরুরি। এই লিগ একদম নতুনভাবে শুরু হচ্ছে, এর সম্ভাবনা অনেক। আমরা এই শুরুর গল্পের অংশ হতে চেয়েছি।’
আইপিএলের সঙ্গে তুলনা
ফাফ ডু প্লেসি বলেন, ‘আকারের দিক থেকে বা ব্যবসার ধরনে আইপিএলের সঙ্গে বিশ্বের কোনো লিগের তুলনা চলে না। ভারতে ১০০ কোটির ওপর মানুষ, তাই তুলনা করার সুযোগই নেই। তবে ইউরোপের এই লিগটিরও সম্ভাবনা আছে।’



