তামিম ইকবালের সাহসী সিদ্ধান্ত: সাকিব-মাশরাফি-দুর্জয়ের আইনি জটিলতায় বিসিবির অবস্থান
তামিম ইকবালের সাহসী সিদ্ধান্ত: সাকিব-মাশরাফি-দুর্জয় ও বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসে বেশ কিছু সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম ইকবাল। বিশেষ করে আইনি জটিলতায় থাকা সাকিব আল হাসানসহ তিন সাবেক অধিনায়কের বিষয়ে বিসিবির অবস্থান এবং স্টেডিয়ামের আধুনিকায়নে সোলার সিস্টেম প্রকল্প ও ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামোর ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে প্রথম উন্মুক্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাকিব-মাশরাফি-দুর্জয়: আইনি জটিলতা ও বিসিবি

গত দেড় বছর ধরে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চললেও তামিম ইকবাল মনে করিয়ে দিলেন, পরিস্থিতি সবার জন্যই সমান। তিনি বলেন, “আরও দুজন ক্রিকেটার ও সাবেক অধিনায়কও একই রকমের পরিস্থিতিতে আছে।” সাকিবের পাশাপাশি তাদের নামও উল্লেখ করার অনুরোধ করলেন তিনি। তবে এই তিনজনের আইনগত ব্যাপারে বোর্ডের কিছু করার নেই বলেও পরিস্কার জানিয়ে রাখলেন সাবেক এই অধিনায়ক।

তিনি আরও বলেন, “আমি আমার অবস্থান থেকে একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করতে চাই যে, গত এক-দেড়-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটরকে ক্রিকেটারকে নিয়েই, যদি নাম বলতে হয়, সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমার অনুরোধ, যখন এই প্রশ্নটা করবেন— আমাদের তিনজন ক্রিকেটার, তিনজন সাবেক অধিনায়ক, সাকিবের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয়ও একই ধরনের পরিস্থিতিতে আছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, “কাজেই শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা আমার জায়গা থেকে ঠিক নয়। আমার কাছে মনে হয় যে, আমরা যখন প্রশ্ন করবো, আপনারাও যখন প্রশ্ন করবেন, দয়া করে নিশ্চিত করবেন যে— অপর দুজন অধিনায়কের নামও উল্লেখ করছেন।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বোর্ডের আইনগত সীমাবদ্ধতার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “আমাদের তরফ থেকে ক্রিকেটীয় কোনও সুযোগ-সুবিধা বা যেকোনও কিছু করার থাকলে আমরা তাদেরকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানাবো। আইনগত যে জিনিসগুলো আছে, আমাদের মন্ত্রী সাহেবও বলেছেন যে, এটার প্রতি আমরা নমনীয় হবো, তার তরফ থেকে বলেছেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব জিনিসে আমরা সহায়তা করতে পারি, আমরা সবসময়ই তাদেরকে খোলা মনে স্বাগত জানাতে তৈরি, যদি তাদের ওই সমস্যাগুলো তারা সমাধান করে আসেন।”

মিরপুর স্টেডিয়ামে সোলার সিস্টেম ও ক্যানোপি

দর্শকদের স্বস্তি এবং পরিবেশ রক্ষার কথা চিন্তা করে মিরপুর স্টেডিয়ামে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন বিসিবি সভাপতি। তীব্র গরমে গ্যালারিতে দর্শকদের কষ্ট লাঘবে প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের একটি ক্যানোপি বা ছাউনি স্থাপনের পরিকল্পনা করছে বোর্ড। বিশেষ করে স্কোরবোর্ড সংলগ্ন যে এলাকায় টিকিটের দাম কম থাকে এবং সাধারণ দর্শক বেশি আসে, সেখানে এই ছাউনি দেওয়া হবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার প্যানেল বসানোর প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে।

ঘরোয়া ক্রিকেটের নতুন ডিজাইন

বাংলাদেশের ক্রিকেটের কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়ে তামিম জানান, এখন থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ‘প্রথম’ ও ‘দ্বিতীয়’ একাদশ গঠন করা হবে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বর্তমানে নির্দিষ্ট কিছু খেলোয়াড়ই সব টুর্নামেন্টে (বিপিএল, বিসিএল, এনসিএল) খেলছে। কিন্তু যারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিভাগে খেলে, তাদের জন্য লিগ ছাড়া আর কোনও খেলা নেই। এই প্ল্যাটফর্ম না থাকার কারণেই নিচের স্তর থেকে প্রতিভা উঠে আসছে না। আমরা সেই প্ল্যাটফর্মটি তৈরি করে দিতে চাই।”