টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশ নারী দল। এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুই হলো হার দিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৪ উইকেটে করে ১৬১ রান। রান তাড়ায় বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ১৩৬ রান করেছে ৭ উইকেট হারিয়ে।

নাহিদা আক্তারের শততম টি-টোয়েন্টি

নিগার সুলতানার পর বাংলাদেশের দ্বিতীয় নারী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেললেন নাহিদা আক্তার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বর্ণা আক্তারের প্রথম ফিফটি

বাংলাদেশের ব্যাটিংয়ে একমাত্র প্রাপ্তি স্বর্ণা আক্তারের ফিফটি। ১৯ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি এটি। তাঁর আগের সর্বোচ্চ ছিল ৩৭, গত জানুয়ারিতে নেপালে বিশ্বকাপ বাছাইপর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। স্বর্ণা আজ ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রান করে ইনিংসের শেষ বলে রানআউট হয়েছেন।

ব্যাটিং ব্যর্থতা

স্বর্ণা ছাড়া বাংলাদেশের ইনিংসে বলার মতো রান পেয়েছেন ওপেনার দিলারা আক্তার, ১৪ বলে করেছেন ২৩ রান। জুয়াইরিয়া ফেরদৌসকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন দিলারা। ৩.৩ ওভারেই তাঁদের উদ্বোধনী জুটিতে উঠে যায় ৩৯ রান। ১২ বলে ১৬ রান করা জুয়াইরিয়াকে চামারি আতাপাত্তু স্টাম্পিংয়ের ফাঁদে ফেলতেই ভাঙে জুটি।

স্কোর বোর্ডে এরপর আর ৫ রান যোগ হতেই দিলারাসহ আরও তিন ব্যাটার আউট হয়ে যান। এই চাপ থেকে আর বেরোতে পারেনি বাংলাদেশ।

শ্রীলঙ্কার ইনিংস

শ্রীলঙ্কার ইনিংসে ৩৫ বলে সর্বোচ্চ ৬১ রান করেন হর্ষিতা সামারাবিক্রমা। ৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী ইমেশা দুলানিও ফিফটি পেয়েছেন। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ইমেশা ৪০ বলে করেছেন ৫৫ রান। বাংলাদেশের অফ স্পিনার সুলতানা খাতুন ২৯ রানে পেয়েছেন ২ উইকেট। শততম টি-টোয়েন্টিতে ১ উইকেট পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার। সিরিজের শেষ দুটি ম্যাচ ৩০ এপ্রিল ও ২ মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারের ১৬১/৪ (হর্ষিতা ৬১, ইমেশা ৫৫, চামারি ৩২; সুলতানা ২/২৯, নাহিদা ১/২৬, মারুফা ১/৩৭)। বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৭ (স্বর্ণা ৬০, দিলারা ২৩, জুয়াইরিয়া ১৬, সোবহানা ১৬; চামারি ২/১৯, মালকি ২/৩১, মিতালি ২/৩৩)। ফল: শ্রীলঙ্কা ২৫ রানে জয়ী। ম্যাচসেরা: হর্ষিতা সামারাবিক্রমা।