চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল অ্যাপ ব্যবহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে জুয়া খেলার দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকির মাজারসংলগ্ন এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকরা
কারাদণ্ড পাওয়া তিন যুবক হলেন মো. আবদুল হামিদ (২৫), মো. মনজুর (২৮) ও মো. এনাম (২৫)। তাঁদের মোবাইলে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা ও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের বিবরণ
উপজেলা প্রশাসন জানায়, অনলাইনে জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বৈলছড়ি ও কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টি ফকিরের মাজারসংলগ্ন একটি দোকানে মুঠোফোনে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা অনলাইনে জুয়া খেলার বিষয়টি স্বীকার করেন। তাঁরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে টাকা লেনদেন করতেন। জুয়া খেলে এর আগে তাঁরা বিপুল অর্থ হারিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বক্তব্য
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, আটক প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জুয়া খেলা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



