ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধসে নিহতের ঘটনার সালিশ চলাকালে ফের স্কুলের ছাদের দেয়াল ধসে পড়ে সাবেক কাউন্সিলর সহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শহরের পাইকপাড়া এলাকার হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
আহতরা কারা?
আহতরা হলেন, ওই এলাকার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, শায়েন চক্রবর্তী ও তুর্জ। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিবরণ
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক খোকন জানান, বিগত কয়েক মাস আগে পাইকপাড়া এলাকায় একটি নবনির্মিত ভবনের দেয়াল ধসে পড়ে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় একটি সালিশ কার্যক্রমের জন্য আমরা রাতে প্রায় ২০ থেকে ৩০ জন স্থানীয় লোকসহ হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলাম। এ সময় হঠাৎ বিদ্যালয়টির ভবনের উপরের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ওই এলাকার সাবেক কাউন্সিলরসহ তিনজন আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, রাতে ওই স্কুলের ছাদে কিছু নেশাখোর বখাটে ছেলে আড্ডা দেয়। মনে হয় তারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিত।
প্রশাসনের অবস্থান
ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।



