প্রথম ওয়ানডেতে শেষ মুহূর্তে একাদশের বাইরে ছিটকে যান মোস্তাফিজুর রহমান। তার পর থেকে বাইরেই রয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তাকে কি দেখা যাবে? এমন প্রশ্নে নিশ্চিত কোনও তথ্য দিতে পারেননি টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট।
মোস্তাফিজের প্রস্তুতি নিয়ে টেইটের মন্তব্য
বুধবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কাটার মাস্টারকে নিয়ে ইতিবাচক তথ্য দিলেও অনিশ্চয়তা রেখে বলেছেন, 'আমি মনে করি সে নির্বাচনের জন্য উন্মুক্ত থাকবে, তবে শতভাগ নিশ্চিত নই।' তার পরই তার কথা, 'সত্যি বলতে নির্বাচকরা দল নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, আমি জানি না। তবে আজ তার বোলিং ঠিক ছিল।'
চট্টগ্রামের উইকেট নিয়ে আশাবাদ
প্রথম দুই ওয়ানডে ঢাকার মিরপুরে হলেও শেষটা হচ্ছে চট্টগ্রামে। সেখানকার উইকেট প্রসঙ্গে আশাবাদী সুরে টেইট বলেছেন, 'উইকেটটা একটু ভিন্ন মনে হচ্ছে, ভালো উইকেট বলেই মনে হচ্ছে। আমি পিচ বিশেষজ্ঞ নই, তবে ভালোই দেখাচ্ছে। সাধারণত চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হয়, মাঝে মাঝে বল নিচু হয়ে থাকে।'
নাহিদ রানার প্রশংসা ও ফিটনেস
এই ম্যাচের আগে তরুণ পেসার নাহিদ রানাকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। পাশাপাশি তার ফিটনেস নিয়েও শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন। শুধু বলেছেন, 'সে যেভাবে বোলিং করছে, তাতে আমি মনে করি সে পুরোপুরি প্রস্তুত। সে খেলতে পারবে।' নাহিদের শারীরিক ফিটনেস নিয়ে তার মন্তব্য, 'আমি যতটুকু জানি, নাহিদ রানা খুবই ফিট। এ মুহূর্তে সে যেভাবে বোলিং করছে, তাতে প্রতিপক্ষ দলগুলো তাকে মোকাবিলা করতে চাইবে না।'



