বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে গণনা চলছে।
ভোটগ্রহণে নিরাপত্তা ও সীমিত চলাচল
ভোটগ্রহণ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে স্টেডিয়াম এলাকায়। পাশাপাশি সীমিত চলাচল রয়েছে সেখানে। সকাল থেকে কাউন্সিলর ও বোর্ডের পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে এসেছেন জেলা ও বিভাগীয় প্রতিনিধিরা।
ক্লাব ক্যাটাগরিতে মূল প্রতিদ্বন্দ্বিতা
বিসিবি নির্বাচনে এবার ক্লাব ক্যাটাগরির লড়াই ঘিরেই মূল আলোচনা চলছে। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত।
তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।
ই-ভোট ও ফলাফল প্রকাশ
এদিকে, নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন। সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় তাদের ভোটাভুটিতে অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।



