২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। খেলোয়াড়দের সম্মতি ছাড়াই একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাদের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ কয়েকজন তারকা ফুটবলার।
বিজ্ঞাপনে পাঁচ তারকা
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান ‘বেটক্লিক’ একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে। ওই বিজ্ঞাপনে ফ্রান্স দলের পাঁচ ফুটবলার—কিলিয়ান এমবাপে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।
খেলোয়াড়দের অনুমতি ছাড়া ছবি ব্যবহার
ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, সংশ্লিষ্ট ফটোশুটে অংশ নেওয়ার সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাদের ছবি জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশেষভাবে ক্ষুব্ধ হন এমবাপ্পে ও চেরকি।
পূর্ববর্তী বিরোধের পুনরাবৃত্তি
এটি প্রথমবার নয়। ২০২২ সালেও খেলোয়াড়দের চিত্রস্বত্ব (ইমেজ রাইটস) নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এমবাপ্পে। পরে ২০২৩ সালে খেলোয়াড়দের প্রতিনিধিদের সঙ্গে এফএফএফ নতুন একটি চুক্তিতে পৌঁছায়। বর্তমান ঘটনাকে সেই চুক্তির শর্ত ভঙ্গের সম্ভাব্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এমবাপ্পের অবস্থান
জুয়া ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন এমবাপে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমরা জুয়া ও অস্বাস্থ্যকর খাবারের ব্র্যান্ডগুলোর প্রচারণার বিপক্ষে। আমরা যে পরিবেশে বড় হয়েছি, সেখানে জুয়া অনেক মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। আমি নিজেও এমন অনেক ভুক্তভোগীকে চিনি।'
আইনজীবীর উদ্বেগ
এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সঙ্গে ফুটবলারদের সম্পৃক্ততা তরুণ সমর্থকদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে এবং খেলোয়াড়দের ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে।
ফেডারেশনের বক্তব্য
তবে ফরাসি ফুটবল ফেডারেশনের দাবি, বিদ্যমান চুক্তির বিধান অনুসারেই অন্তত পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। যদিও চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে দলের অধিনায়ক ও ফেডারেশন সভাপতির মধ্যে সম্ভাব্য নৈতিক দ্বন্দ্ব নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জানা গেছে।
ফলে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে ফরাসি ফুটবলে নতুন করে চিত্রস্বত্ব ও নৈতিক দায়বদ্ধতা নিয়ে বিতর্কের জন্ম হয়েছে।



