বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার খবর। ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। ফিলাডেলফিয়ার বিপক্ষে আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে শেষ ম্যাচে ৭৩ মিনিটে উঠে যান মেসি।
মেসির শারীরিক অস্বস্তি
ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ফ্রি কিক নেওয়ার পর মেসিকে অস্বস্তিতে দেখা যায়। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ধরে রাখতে দেখা যায় তাকে। এরপর নিজেই ডাগআউটের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেন। তার জায়গায় মাঠে নামেন মাতেও সিলভেত্তি। মাঠ ছাড়ার সময় মেসিকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেলেও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি ইন্টার মায়ামি। ক্লাবের মেডিকেল স্টাফরাও প্রকাশ্যে কিছু জানাননি। তবে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসির অবস্থা পর্যবেক্ষণে রেখেছে মায়ামি।
কোচের বক্তব্য
মেসিকে অস্বস্তিতে দেখা গেলেও মায়ামির কোচ গিলের্মো হয়োস আন্দাজ করছেন তার মধ্যে ক্লান্তি ছিল। তিনি বলেন, ‘এখনও আমাদের হাতে কোনো মেডিকেল রিপোর্ট নেই। খুব শিগগিরই পাব। যতদূর আমি জানি, সে ক্লান্তিতে ভুগছিল। আসলেই এটা ক্লান্তি ছিল। সে খুবই অবসন্ন ছিল। মাঠও ভারী ছিল এবং এমন পরিস্থিতিতে সন্দেহ থাকলে সাধারণ নিয়ম হলো কোনো ধরনের ঝুঁকি না নেওয়া।’
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি
বিশ্বকাপের আগে মেসির এমন শারীরিক অস্বস্তি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে আর্জেন্টিনা সমর্থকদের। কোচ লিওনেল স্ক্যালোনির পরিকল্পনার মূল ভরসা মেসিকেই ঘিরে। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর তারা খেলবে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। এর আগে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ড।
ম্যাচে মেসির অবদান
মাঠ ছাড়ার আগে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। তার দুটি অ্যাসিস্টে ৬-৪ গোলের জয়ে ফিলাডেলফিয়াকে হারিয়েছে ইন্টার মায়ামি। জার্মান বারতেরামে করেছেন জোড়া গোল। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ, আর একটি গোল করেছেন রদ্রিগো ডি পল। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ইন্টার মায়ামি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৩৩।



