ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্লে-অফের সূচি সম্পূর্ণ নিশ্চিত হয়েছে। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় রাজস্থান রয়েলস। এর আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
গ্রুপপর্বের চূড়ান্ত অবস্থান
গ্রুপপর্বে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলে। সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু। সমান ১৮ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে গুজরাট টাইটান্স। একই কারণে ১৮ পয়েন্ট নিয়েও তিনে সানরাইজার্স হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রাজস্থান রয়েলস।
প্রথম কোয়ালিফায়ার
লিগ টেবিলের প্রথম দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। ২৬ মে ধর্মশালায় বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে আরেকটি সুযোগ পাবে।
এলিমিনেটর
তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর ম্যাচে। ২৭ মে মুল্লানপুরে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে রাজস্থান রয়েলসের। এই ম্যাচে হেরে যাওয়া দলের বিদায় নিশ্চিত হবে, আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
দ্বিতীয় কোয়ালিফায়ার
২৯ মে মুল্লানপুরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল এবং এলিমিনেটরে জয়ী দল এই ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছে যাবে।
ফাইনাল
আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ মে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।



