ইউরোপের কোনও দলের বিপক্ষে তাদের মাঠে এই প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে ৫ জুনের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলছে। বাংলাদেশ দলের জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি ইতিমধ্যে ঢাকায় এসেছেন। দুই একদিনের মধ্যে ক্যাম্প শুরু হওয়ার কথা। তবে তার আগে দুঃসংবাদ শুনতে হয়েছে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ দলের অন্যতম মূল অস্ত্র রাকিব হোসেন ম্যাচটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
স্ত্রীর পাশে থাকতে সিদ্ধান্ত
স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় রাকিব তার পাশেই থাকতে চাইছেন। তাই ইউরোপের ভিসা করা সত্বেও রাকিব সান মারিনোর বিপক্ষে দলে নেই। রাকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা। চলতি মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার অপেক্ষায় অনাগত সন্তান। তাই এই সময়ে স্ত্রীর পাশে থাকাটা জরুরি। যদিও আমি ভিসা করিয়েছিলাম। তবে অনাগত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা সন্নিকটে হওয়ায় আর যাওয়া হচ্ছে না।’
পূর্বের দুর্ঘটনার কথা স্মরণ
এরপরই রাকিব জানালেন, ‘আসলে আমার জীবনে এর আগে বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেদিন ছিল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ। তাই বর্তমান সময়টাতে আমার স্ত্রীর পাশে থাকা খুব দরকার।’ জাতীয় দলে রাকিবের বিকল্প এখনও সেভাবে গড়ে উঠেনি। রাকিব বলছিলেন, ‘আসলে আমি নিজেও বুঝি এই ম্যাচে থাকতে পারলে ভালো হতো। টিম ম্যানেজমেন্টও খুব করে চেয়েছিল যেন খেলি। কিন্তু পরিবারের পাশে এসময়ে থাকতে হচ্ছেই। আর আমি না থাকলেও যারা খেলবেন, আশা করছি তারা ভালো করবেন। দলের প্রতি আমার শুভকামনা।’



