রিয়াল মাদ্রিদের শেষ জয়, আরবেলোয়া-আলাবা-কারভাহালের আবেগঘন বিদায়
রিয়ালের শেষ জয়, আরবেলোয়া-আলাবা-কারভাহালের আবেগঘন বিদায়

চলতি মৌসুম শিরোপাহীন থাকলেও শেষটা জয়ে রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ। যে জয়টি ছিল কোচ আর দুই সতীর্থকে দলটির বিদায়ী উপহার। লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে কোচ হিসেবে বিদায় নিয়েছেন আলভারো আরবেলোয়া। ম্যাচটা আবেগঘন ছিল ক্লাবের দুই অভিজ্ঞ তারকা ডেভিড আলাবা ও দানি কারভাহালেরও। কারণ এদিন বিদায়ী ম্যাচ খেলেছেন তারা।

আরবেলোয়া জানুয়ারিতে জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। যদিও প্রত্যাশা মেটাতে পারেননি। তার অধীনে মৌসুমে দ্বিতীয় স্থানে শেষ করেছে রিয়াল। তারা লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে।

আবেগের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ লিড নেয় ম্যাচের ১২তম মিনিটে। ডান প্রান্ত থেকে দানি কারভাহালের বাড়ানো ক্রসে গোল করেন গঞ্জালো গার্সিয়া। এরপর থিয়াগো পিতার্চের শট অ্যাথলেটিক গোলরক্ষক অ্যালেক্স পাদিয়া ঠেকালেও বিরতির চার মিনিট আগে দ্বিতীয় গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অ্যাথলেটিকের অর্ধের মাঝামাঝি জায়গা থেকে বল পেয়ে দূরপাল্লার উঁচু পাস বাড়ান পিতার্চ। সেখান থেকে জুড বেলিংহ্যাম বুকে বল নামিয়ে বাঁ পায়ের দারুণ হাফভলিতে জালে পাঠান। শুক্রবার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এই মিডফিল্ডারের গোলেই ব্যবধান দাঁড়ায় ২-০।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় অ্যাথলেটিক। ডান দিক থেকে ইনিয়াকি উইলিয়ামসের ক্রস পেয়ে গোরকা গুরুসেতা জালে বল পাঠান। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনে রিয়াল। ৫১ মিনিটে আলভারো কারেরাসের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে বক্সের বাঁ দিক থেকে জোরালো শটে জাল কাঁপান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘণ্টাখানেকের কিছু পর আরেকটি গোলের সুযোগ পেয়েও অ্যালেক্স পাদিয়ার দারুণ সেভে বঞ্চিত হন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। ৬৯ মিনিটে বদলি হওয়ার সময় সতীর্থদের 'গার্ড অব অনার' ও দর্শকদের করতালিতে বিদায় নেন ডিফেন্ডার আলাবা। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গ্রীষ্মেই ক্লাব ছাড়ছেন তিনি। তার বদলি হিসেবে মাঠে নামেন ডিন হুইসেন।

এরপর শেষ আট মিনিট বাকি থাকতে মাঠ ছাড়েন দীর্ঘদিনের অধিনায়ক কারভাহালও। দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে গার্ড অব অনার দেন। শেষদিকে ব্রাহিম দিয়াজ রিয়ালের চতুর্থ গোলটি করেন। তবে যোগ করা সময়ে হেডে অ্যাথলেটিকের দ্বিতীয় গোলটি করে ব্যবধান কমান উরকো ইসেতা।