আসন্ন বিশ্বকাপের জন্য ম্যানুয়েল নয়্যার যে জার্মান দলে ফিরছেন, এমন খবর আগেই শোনা গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে অবসর ভেঙে ফিফা বিশ্বকাপের দলে ফিরেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। ২০১৪ সালে ব্রাজিলে জার্মানির বিশ্বকাপজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নয়্যারের। ফলে বৃহস্পতিবার ঘোষিত স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত করে চমক দেখিয়েছেন জার্মান কোচ হুলিয়ান নাগেলসমান। তাতে করে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন নয়্যার। তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন।
নয়্যারকে নিয়ে আস্থা
বায়ার্ন মিউনিখ অধিনায়ক নয়্যারকে আবারও প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করছে জার্মানি। যদিও স্কোয়াডে আছেন অলিভার বাউমান ও আলেক্সান্ডার ন্যুবেলের মতো প্রতিদ্বন্দ্বীরা। জার্মানির হেড কোচ হিসেবে প্রথম বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া নাগেলসমান অভিজ্ঞ নয়্যারের ওপরই আস্থা রেখেছেন। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার রেকর্ড সমান পঞ্চম শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
গ্রুপ পর্বের সূচি
বিশ্বকাপের ‘ই’ গ্রুপে পড়েছে জার্মানি। ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। এরপর ২০ জুন টরন্টোতে আইভরি কোস্টের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুন নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর।
জার্মানির বিশ্বকাপ দল
গোলরক্ষক: অলিভার বাউমান (হফেনহাইম), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), আলেক্সান্ডার ন্যুবেল (মোনাকো)
রক্ষণভাগ: ভালডেমার আন্তন (বরুসিয়া ডর্টমুন্ড), নাথানিয়েল ব্রাউন (ফ্রাঙ্কফুর্ট), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো শ্লটারবেক (বরুসিয়া ডর্টমুন্ড), জোনাথন তাহ (বায়ার্ন মিউনিখ), মালিক থিয়াও (নিউক্যাসল)
মিডফিল্ডার: নাদিয়েম আমিরি (মাইনৎস), লিওন গোরেৎস্কা (বায়ার্ন মিউনিখ), পাসকাল গ্রস (ব্রাইটন), জেমি লেওলিং (স্টুটগার্ট), লেনার্ট কার্ল (বায়ার্ন মিউনিখ), জশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), ফেলিক্স এনমেচা (বরুসিয়া ডর্টমুন্ড), আলেক্সান্ডার পাভলোভিচ (বায়ার্ন মিউনিখ), অ্যাঞ্জেলো স্টিলার (স্টুটগার্ট), ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল)
আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেয়ার (বরুসিয়া ডর্টমুন্ড), কাই হাভার্টজ (আর্সেনাল), লেরয় সানে (গালাতাসারাই), ডেনিস উনদাভ (স্টুটগার্ট), নিক ভলতেমাদে (নিউক্যাসল)



