পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বড় অঙ্কের আর্থিক বোনাস দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকরা অন্য কিছু চেয়েছেন। বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে বোনাসের টাকার বদলে তারা হোম অব ক্রিকেটে একটি আধুনিক সুইমিংপুল এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা সম্বলিত নতুন জিমনেসিয়াম তৈরির অনুরোধ করেছেন।
তামিম ইকবালের বক্তব্য
মিরপুরে বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা তৈরি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগতো, অবশ্যই দিতাম। কারণ, তাদের এটা প্রাপ্য। কিন্তু সবার উচিত তাদের এই উদ্যোগের (বোনাস না নেওয়া) প্রশংসা করা। তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা (সুইমিং পুল) তাদের ছোট ভাইয়েরা, অনূর্ধ্ব–১৯ বা হাই পারফরম্যান্সে যারা আছে, তারাও ব্যবহার করবে।’
ক্রিকেটারদের চিন্তাভাবনা
ক্রিকেটাররা নিজেদের কথা না ভেবে ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন ভেবেই মুগ্ধ তামিম, ‘ওরা শুধু নিজেদের কথা ভাবেনি। এই সুবিধা ওদের ছোট ভাইদেরও কাজে লাগবে। বলেছি পৃথিবীর সবচেয়ে সেরা ইকুইপমেন্ট দিয়ে আমরা জিম করে দিবো আর সামনে সুইমিংপুল করে দিবো, সাথে আইস বাথ-হট বাথের লেটেস্ট টেকনোলজি। বারবার আইস এনে আইস বাথ করতে হবে এমন লাগবে না। যা যা লাগবে করা হবে।’
ভবিষ্যৎ পরিকল্পনা
তামিমের বিশ্বাস, বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ সম্পন্ন করবে এই জিম ও সুইমিংপুলের কাজ, ‘ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। যতো টাকা বোর্ড দিতো, তাতে হয়তো লাইফ চেঞ্জিং কিছু হতো না। তবে তারা যেটা চেয়েছে, এই সুবিধার কারণে অনেকের অনেক উন্নতি হতে পারে। এই চিন্তাকে অ্যাপ্রিশিয়েট করি। প্রক্রিয়া শুরু করে দিবো। নির্বাচন জিতে যারাই আসে আমি বা যে কেউ- যেন তাড়াতাড়ি এটা সম্পন্ন করে।’



