পাকিস্তান সিরিজ জয়ের বোনাস নেবেন না ক্রিকেটাররা, চান সুইমিং পুল
পাকিস্তান সিরিজ জয়ের বোনাস নেবেন না ক্রিকেটাররা

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জেতায় ক্রিকেটারদের বোনাস দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটাররা চেয়েছেন, বোনাসের বদলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আধুনিক সুযোগ–সুবিধা বাড়ানো হোক, তৈরি করে দেওয়া হোক একটি সুইমিং পুল।

তামিম ইকবালের বক্তব্য

আজ মিরপুরে বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমরা তৈরি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগত, অবশ্যই দিতাম। কারণ, তাদের এটা প্রাপ্য। কিন্তু সবার উচিত তাদের এই উদ্যোগের (বোনাস না নেওয়া) প্রশংসা করা। তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা (সুইমিং পুল) তাদের ছোট ভাইয়েরা, অনূর্ধ্ব–১৯ বা হাই পারফরম্যান্সে যাঁরা আছে, তারাও ব্যবহার করবে।’

সুইমিং পুলের পরিকল্পনা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল নকশাতেই সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু আজ পর্যন্তও সেখানে সুইমিং পুল নির্মাণ করা হয়নি। মাঝে ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর মিরপুরের জিমের পাশে খালি জায়গায় সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। সেটি বাস্তব রূপ পাওয়ার আগেই বদল আসে বিসিবিতে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে আজ তামিম জানিয়েছেন, সর্বাধুনিক সুযোগ–সুবিধার ব্যবস্থা রেখেই বিসিবি সুইমিং পুলটি তৈরি করবে। এ ছাড়া শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামের কিছু অংশ ভেঙে নতুন করে করা হবে বলেও জানিয়েছেন তামিম।

বিসিবি নির্বাচন

তামিম আপাতত বিসিবির অন্তর্বর্তী সভাপতি হলেও পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে অংশ নেবেন তিনি। নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন ছিল আজ। গতকালই ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা তামিম জানিয়েছেন, নির্বাচনে তাঁর কোনো প্যানেল থাকবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বছর অস্বচ্ছতার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম। তাঁর দাবি, এবারের নির্বাচনে তিনি কোনো হস্তক্ষেপ করছেন না, ‘নির্বাচন যতটুকু স্বচ্ছ হতে পারে, ততটুকু হবে। আমি আশা করব, অংশগ্রহণকারী যেন অনেক বেশি হয়। যাঁরা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট সংগঠক, ব্যবসায়ী, যাঁরা বাংলাদেশের ক্রিকেটের ভালো চান, তাঁরা যেন নির্বাচনে অংশ নেন। একটা ভালো বড় নির্বাচন হোক, এটাই আমি আশা করতে পারি।’

আগামী ৭ জুন বিসিবির ২৩টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।