বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ লক্ষ্যে গত শনিবার (১৬ মে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ও কাউন্সিলরশিপ জমা
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯২ জন কাউন্সিলরের মধ্যে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে। বিভিন্ন সংস্থা ও কয়েকটি জেলা থেকে কাউন্সিলরশিপ জমা না পড়ায় আটটি পদ শূন্য রয়েছে। সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইশরাক হোসেন বলেন, “কাউন্সিলর হিসেবে আমি থাকব। তবে বিসিবির বোর্ড কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা নেই। আমি শুধু একজন কাউন্সিলর হিসেবে ভোট দিতে যাব।”
সাকিব-মাশরাফি প্রসঙ্গে মন্তব্য
এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা প্রসঙ্গে তিনি বলেন, তারা দেশে ফিরতে চাইলে আগে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। এরপর সরকারের কাছে আবেদন করতে হবে। পরে সরকার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে।



