যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথার লড়াইয়ের মধ্যেই প্রাথমিক দল ঘোষণা করেছে ইরান। তবে কোচ আমির গালেনোইয়ের ঘোষিত দলে জায়গা হয়নি দলের অন্যতম নির্ভরতার প্রতীক সরদার আজমুনের। যা বিতর্কের জন্ম দিয়েছে।
প্রাথমিক দলে আজমুনকে না রাখার কারণ
৩০ সদস্যের প্রাথমিক দলে আজমুনকে না রাখার কারণ ব্যাখ্যা করেননি গালেনোই। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, চোটের কারণেই বাদ পড়েছেন সাবেক বায়ার লেভারকুসেন ও এএস রোমা ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির হয়ে খেলছেন।
পূর্বের বিতর্ক
মার্চেও জাতীয় দলের বাইরে রাখা হয়েছিল তাকে। সে সময় স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, সরকারের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে এই ফরোয়ার্ডকে। বিতর্কের সূত্রপাত হয়েছিল মার্চে আজমুনের একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে। সেখানে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে নিজের সাক্ষাতের ছবি পোস্ট করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান।
দলে থাকা তারকারা
ইরান প্রাথমিক দল ঘোষণা করেছে শনিবার। আগামী সপ্তাহে তুরস্কে গিয়ে বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবে তারা। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেহদি তারেমি এবং সাবেক ব্রাইটন উইঙ্গার আলিরেজা জাহানবাখশ।
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের ম্যাচ মেক্সিকোয় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল ইরান। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, সূচি অনুযায়ীই সব ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হচ্ছে।
ইরানের গ্রুপ পর্বের সূচি
সূচি অনুযায়ী, ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। পাঁচ দিন পর সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।
ইরানের প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সাইয়্যেদ হোসেইন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেইন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, ওমিদ নুরাফকান, রামিন রেজাইয়ান
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি
ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেইন হোসেইনজাদেহ, আমিরহোসেইন মাহমুদি, কাসরা তাহেরি, মেহদি তারেমি



