প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দেশের অন্যতম বৃহৎ মেধা যাচাইয়ের আয়োজন ‘বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬’-এর নিবন্ধন শুরু হয়েছে। সোসাইটি ফর দ্য পপুলাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করছে।
আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রস্তুতি
এই অলিম্পিয়াডের মাধ্যমে আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও) ২০২৬-এর জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আইএমএসও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড হিসেবে পরিচিত।
যোগ্যতার শর্ত
অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীর বয়স ১৩ বছরের কম হতে হবে। অর্থাৎ জন্মতারিখ ১ অক্টোবর ২০১৩-এর পর হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি বা তার নিচের শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে। তবে ব্রিটিশ কারিকুলাম বা সমমানের ইংরেজি মাধ্যমের যেসব শিক্ষার্থী জুলাই বা আগস্ট ২০২৬-এ সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা অংশ নিতে পারবে না।
দুটি ক্যাটাগরি
অংশগ্রহণকারীরা দুটি ক্যাটাগরির যেকোনো একটিতে নিবন্ধন করতে পারবে। ‘অলিম্পিয়াড’ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অন্যদিকে তৃতীয় শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘কুইজ’ ক্যাটাগরি। বিজ্ঞান ও গণিতভিত্তিক এই কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা আন্তর্জাতিক অলিম্পিয়াড বা আবাসিক ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে না।
পরীক্ষার সময়সূচি ও ক্যাম্প
আগামী জুলাইয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর—এই চার অঞ্চলে একযোগে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যম হবে ইংরেজি এবং সময় থাকবে ১২০ মিনিট। জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে জুলাই মাসেই তিন দিনব্যাপী একটি জাতীয় আবাসিক ক্যাম্প আয়োজন করা হবে। সেখানে হাতে-কলমে বিজ্ঞানচর্চা, ল্যাব কার্যক্রম, ক্যাম্পিং এবং সমস্যা সমাধানের বিভিন্ন কৌশল শেখানো হবে। পরে চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে ১২ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হবে। এর মধ্যে ৬ জন গণিত এবং ৬ জন বিজ্ঞান বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবে।
গত বছরের সাফল্য
গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসওতে বাংলাদেশ দল দারুণ সাফল্য অর্জন করে। অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জেতে। এর মধ্যে ছিল ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক।
বিডিওএসএন ও এসপিএসবির সভাপতি মুনির হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞানের আনন্দ ছড়িয়ে দেওয়া, অনুসন্ধিৎসু মন গড়ে তোলা এবং যৌক্তিক চিন্তার দক্ষতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
নিবন্ধনের বিস্তারিত
আগ্রহী শিক্ষার্থীরা জুন মাসজুড়ে অলিম্পিয়াডের ওয়েবসাইট bdmso.org-এ গিয়ে নিবন্ধন করতে পারবে। একই ওয়েবসাইটে সিলেবাস, নমুনা প্রশ্ন এবং অংশগ্রহণসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।



