গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যাও বাড়ে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে এবং বলিরেখা, ট্যান ও অকাল বার্ধক্য রোধে সঠিক সানস্ক্রিন ব্যবহার অপরিহার্য। বিশেষজ্ঞরা প্রতিদিন কমপক্ষে এসপিএফ ৫০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন। এতে ত্বক বেশি সুরক্ষিত থাকে।
সানস্ক্রিন ব্যবহারের সঠিক পদ্ধতি
সানস্ক্রিন ব্যবহারের সময় ত্বকের ধরন বিবেচনা করা জরুরি। তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ওয়াটার-বেসড সানস্ক্রিন উপযোগী, আর শুষ্ক ত্বকের জন্য ক্রিম বা সিলিকন-বেসড সানস্ক্রিন ভালো কাজ করে। শুধু মুখে নয়, গলা, হাত ও শরীরের খোলা অংশেও সানস্ক্রিন লাগানো উচিত। এমনকি মেঘলা দিনে বা ঘরের ভেতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।
প্রতি তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন পুনরায় লাগানো উচিত। দীর্ঘ সময় বাইরে থাকলে স্প্রে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। বর্তমানে ‘সানস্ক্রিন ট্যাবলেট’ও জনপ্রিয় হচ্ছে, যা শরীরের ভেতর থেকে সুরক্ষা দেয়। তবে ত্বক বিশেষজ্ঞ ও চিকিৎসক দ্বৈপায়িকা চক্রবর্তী জানান, এটি প্রতিদিন খাওয়ার পরিবর্তে ভ্রমণের আগে বা অতিরিক্ত গরমের সময় সীমিতভাবে ব্যবহার করাই ভালো।
ত্বকের যত্নে অতিরিক্ত টিপস
রোদে বেরোনোর সময় রোদচশমা, হ্যাট বা ছাতা ব্যবহার করা উচিত। তবে শুধু ছাতা বা মুখ ঢেকে রাখলেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পুরোপুরি সুরক্ষা পাওয়া যায় না। নিয়মিত ত্বক পরিষ্কার, হালকা ময়েশ্চারাইজার ও প্রচুর পানি পান করা গরমে ত্বক ভালো রাখার মূল চাবিকাঠি।
একবার ট্যান পড়ে গেলে সাধারণ প্রোডাক্ট দিয়ে তা পুরোপুরি দূর করা সম্ভব নয়। সে ক্ষেত্রে কিছু বিশেষ ট্রিটমেন্ট উপকারী হতে পারে, যেমন— মেডি ফেসিয়াল, ইনস্টা ব্রাইট বা ইনস্টা গ্লো ফেসিয়াল, পিল বা লেজার ট্রিটমেন্ট। ফেসিয়ালের পর ত্বকের যত্ন বজায় রাখতে মালবেরি অ্যাসিড, কোজিক অ্যাসিড বা নিয়াসিনামাইড ব্যবহার করা যেতে পারে। র্যাশ, স্কিন পিলিং বা অতিরিক্ত জ্বালার মতো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
গরমে ত্বক ভালো রাখার উপায়
ত্বক বিশেষজ্ঞ দ্বৈপায়িকা চক্রবর্তী বলেন, গরমে ত্বক ভালো রাখতে সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন এবং হালকা বা লাইটওয়েট স্কিনকেয়ার প্রোডাক্ট বেছে নিন। আইস ফেসিয়াল বা আইস গ্লোব ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। ২৭-২৮ বছরের পর কোলাজেন ইনটেক শুরু করা উপকারী। ডাবের পানি, ফলের রস এবং হাইড্রেটিং লিক্যুইড বেশি করে পান করুন। গরমের জন্য ম্যাঙ্গো এনজাইম ফেসিয়াল ও ক্রায়ো থেরাপি মেডি ফেসিয়াল এখন বেশ জনপ্রিয়।



