ফিনল্যান্ডের কৌভোলায় বাংলা নববর্ষ ১৪৩৩: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রদর্শনী
ফিনল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন: প্রবাসে বাঙালিয়ানার মিলনমেলা

ফিনল্যান্ডের কৌভোলায় বাংলা নববর্ষ ১৪৩৩: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রদর্শনী

বাংলাদেশের প্রাণবন্ত মায়াভরা চিরসবুজের ভূমি থেকে কনকনে শীতের শুভ্রময় দেশ ফিনল্যান্ডের শান্ত আঙিনায় পা রাখার সঙ্গে সঙ্গে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। এটি জুলভার্নের রোমাঞ্চ উপন্যাসের মতো আকর্ষণীয়, স্লেজগাড়ির মতো অদম্য বহমান এবং সংস্কৃতি ও আন্তরিক বন্ধনের সুতায় বোনা একটি যাত্রা। আমার প্রথম বাসস্থান হলো শান্তিপূর্ণ কৌভোলা শহরে, যা রাজধানী হেলসিংকি থেকে ১৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার চিরসবুজ পাইন বনাঞ্চলের ফিসফিসানি ও কুমিওকি নদীর স্রোতের মৃদু কলকল ধ্বনি আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। নতুন পরিবেশে খাপ খাওয়ানো, ভাষা শেখার উৎসাহ এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতি ছিল এক অনন্য উপহার।

বৈশাখের উৎসবমুখর পরিবেশ

ফিনল্যান্ডের কৌভোলায় এবার প্রথমবারের মতো অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। প্রবাসে বসবাসরত বাঙালিদের আন্তরিক উদ্যোগ ও অংশগ্রহণে এই আয়োজন যেন একটুকরা বাংলাদেশের আবহ নিয়ে আসে বিদেশের মাটিতে। অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ এবং শিশুদের উচ্ছ্বসিত উপস্থিতি। সবার মাঝে ছিল মিলনমেলা, ভ্রাতৃত্ববোধ এবং আনন্দ ভাগাভাগির এক অনন্য চিত্র। প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার এই প্রচেষ্টা ছিল সত্যিই প্রশংসনীয়।

খাবার ও সাংস্কৃতিক আয়োজন

খাবারের আয়োজনে ছিল বিশেষ আকর্ষণ। কৌভোলায় বসবাসরত বাঙালি পরিবারগুলো নিজ নিজ বাসা থেকে নিয়ে আসেন বিভিন্ন রকমের সুস্বাদু দেশীয় খাবার। পান্তা ভাত, ইলিশ ভাজা, ভর্তা, পিঠা-পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবারের সমাহার ছিল চোখে পড়ার মতো। এই খাবারগুলো শুধু স্বাদের জন্য নয়, বরং দেশের স্মৃতি ও আবেগকে আরও গভীর করে তোলে। সাংস্কৃতিক পর্বে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। তারা পরিবেশন করে বৈশাখী গান, দেশাত্মবোধক সংগীত এবং নৃত্য পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। নবীন ও প্রবীণদের সম্মিলিত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রীতি ও বন্ধনের বার্তা

এই আয়োজন শুধু একটি উৎসব উদযাপন নয়, বরং প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা এবং সংস্কৃতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সহমর্মিতা এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তাও ছড়িয়ে দেয় এ ধরনের উদ্যোগ। সব মিলিয়ে কৌভোলায় পয়লা বৈশাখ ১৪৩৩ উদযাপন ছিল এক স্মরণীয় ও সফল আয়োজন, যা প্রবাসে থেকেও বাঙালিয়ানার গৌরবকে উজ্জ্বলভাবে তুলে ধরার চেষ্টা। এই মিলনমেলায় সপরিবারে উপস্থিত ছিলেন কমিউনিটির সুপরিচিত মাসুদ ভাই, মনোয়ার ভাই, তাওহিদ ভাই, আরিফ ভাই, ইব্রাহিম ভাই, শাওন ভাই, মুশফিক ভাই, প্রাইম ভাই, রাহুল ভাই, রুবায়েত ভাই, শহিদ ভাই, কামাল ভাই, সৌমিক ভাইসহ কৌভোলায় বসবাসরত প্রায় ৩০ জন বিশিষ্ট বাঙালি।

ফিনল্যান্ডের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট

কৌভোলার ঐতিহাসিক রেলওয়ে স্টেশন এবং মনোরম প্রকৃতি আমাকে গভীরভাবে মুগ্ধ করে। বিশেষ করে কৌভোলার ওই বনাঞ্চল, যেখানে প্রকৃতির রূপ এক অনন্য রূপকল্প, যেন শান্তির একটি দ্বীপ। ফিনল্যান্ডের নৃবিজ্ঞানগত ইতিহাস এক গভীর ও সমৃদ্ধ অধ্যায়। প্রাচীন যুগ থেকে এই ভূমিতে বসবাসকারী সাওমি (Saumi) জনগোষ্ঠী ও অন্যান্য আদিবাসী গোষ্ঠীর ঐতিহ্য ও জীবনধারা আজও দেশের সাংস্কৃতিক বহুমাত্রিকতার এক গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক, শিকার ও মৎস্য শিকার, হাতের কাজ এবং গল্পকথন এক জীবন্ত ইতিহাস হয়ে টিকে আছে। ফিনল্যান্ডের ইতিহাস সংগ্রাম ও সংহতির গল্পে ভরা। ১৯১৭ সালে রাশিয়ার সাম্রাজ্যের শাসন থেকে স্বাধীনতা অর্জন করে এ দেশটি, এরপর ১৯৩৯-৪০ সালের শীতল যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নানা সংকটের সম্মুখীন হয়। স্বাধীনতা, সংহতি ও জাতীয় পরিচয়ের জন্য ফিনিশ জনগণ যে সংগ্রাম করেছে, তা আজকের শান্তি ও সমৃদ্ধির ভিত্তি।

ফিনিশ জীবনধারা ও শিল্প-সংস্কৃতি

বর্তমানে ফিনল্যান্ডের জনসংখ্যা প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন, যারা দেশের চারদিকে ছড়িয়ে–ছিটিয়ে শান্তিপূর্ণ ও সুসংগঠিত সমাজ গঠন করেছে। ফিনিশ মানুষের সাধারণ জীবনধারা সহজ, গৌরবময় ও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কযুক্ত। সকালের কফি, প্রকৃতির মাঝে হাঁটা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং সামাজিক সম্মান ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি অগাধ শ্রদ্ধা তাদের জীবনের বিশেষ বৈশিষ্ট্য। ফিনল্যান্ডের প্রতিটি শহরে ও গ্রামে সাউমি সংগীত ও সাহিত্য এখনো প্রবলভাবে জীবন্ত। কুমিওকি নদীর পাশ দিয়ে হেঁটে চলা, সেখানকার ঐতিহাসিক পেপার মিল ও লেক থুক্কিমাককির মনোরম দৃশ্য আমার মনে এক অমলিন ছাপ ফেলে যায় প্রতিনিয়ত। শহরের প্রাণবন্ত ক্যাফে ও থরিতে (Torri-চত্বর) স্থানীয়দের আন্তরিকতা ও বন্ধুত্বের ছোঁয়া পেয়ে আমি সত্যিই অভিভূত হই। ফিনিশ শিল্প ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। ফিনিশ আর্ট গ্যালারিগুলোতে যেমন আঁকা ও ভাস্কর্যের অসাধারণ সংগ্রহ আছে, তেমনি ফিনল্যান্ডের ডিজাইন বিশ্বজুড়ে প্রসিদ্ধ। মারিমেক্কো ও ইকিয়ার মতো প্রতিষ্ঠান বিশ্ববাজারে ফিনিশ সৃজনশীলতা তুলে ধরেছে। এ ছাড়া ফিনিশ সংগীতের ঐতিহ্য যেমন জাতীয় সুরকার জ্যান সিবেলিয়াসের কাজ, তেমনি আধুনিক হেভি মেটাল ব্যান্ডও গ্লোবাল ফ্যান ফলোয়িং করেছে। জনপ্রিয় ব্র্যান্ড সানরাইজ এভিনিউ কিংবা এইচবিআই–এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এই শিল্প-সাংস্কৃতিক বৈচিত্র্য ফিনল্যান্ডকে এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

খেলাধুলা ও সাওনা ঐতিহ্য

ফিনিশদের জন্য খেলাধুলা শুধু শারীরিক কসরত নয়, বরং এক সামাজিক বন্ধন। আইস হকি, স্কিইং, ফুটবল ও বাস্কেটবল এখানকার প্রধান খেলা। লাহতির উইন্টার স্পোর্টস উৎসব এ অঞ্চলের খেলার ইতিহাসের অংশ। আমি নিজেও স্কিইং-এর আনন্দ পেয়েছি, যা শীতের দীর্ঘ রাতগুলোকে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত। আরেকটি বিশেষ ফিনিশ ঐতিহ্য হলো সাওনা (Sauna)—একটি বিশেষ বাষ্পানুকূলিত গরম ঘর, যেখানে মানুষ শরীর ও মনকে বিশ্রাম দেয়। আমি সাওনা খুব পছন্দ করি। সাওনার মধ্যে গরম বাতাসে বসে থাকলে মন প্রশান্ত হয়, দেহ মুক্ত হয় ক্লান্তি থেকে, আর সামাজিক সময় কাটানোর জন্য এটি আদর্শ স্থান। এটি শুধু ফিনিশ সংস্কৃতির নয়, একটি গভীর জীবনদর্শনেরও প্রতীক।

বাংলাদেশ-ফিনল্যান্ড সহযোগিতার সম্ভাবনা

বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দূরত্ব যতই দীর্ঘ হোক না কেন, মানবতার সেবায় দুই দেশ একসঙ্গে কাজ করার অসীম সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যেখানে তার তরুণ শক্তি, উদ্ভাবনী চেতনা এবং দ্রুত উন্নয়নের পথে আছে, ফিনল্যান্ড সেখানে তার উন্নত প্রযুক্তি, শিক্ষাব্যবস্থা এবং সামাজিক মডেল নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় দুই দেশ একত্রে কাজ করে বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধির নতুন অধ্যায় রচনা করতে পারে। হেলসিংকি, তাম্প্রে, থুরকু, ওউলু, ইয়াবাসকুলা, ইউন্সু, লাহতি হচ্ছে ফিনল্যান্ডের বড় বড় শহর। এই শহরগুলোতে ঘুরে বেড়ানোর সময় আমি ঐতিহাসিক প্রাচীর, সাংস্কৃতিক নিদর্শন ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক মহাকাব্য অনুভব করেছি। এই সব স্মৃতি আমার মনে এক অনন্য গল্প হিসেবে জমে আছে।

ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপসংহার

এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি হলো সেই আন্তরিক সম্পর্কগুলো মনোয়ার ভাই, মাসুদ ভাই, ইব্রাহিম ভাই, তাওহিদ ভাই, সৌমিক ভাই বা আরিফ ভাইয়ের মতো ভালো হৃদয়ের মানুষদের সাথে পরিচিত হয়ে ও আন্তরিকতা পূর্ণ সময় কাটানোর মাধ্যমে। আমরা একসঙ্গে হাসি, গল্প এবং স্বপ্ন ভাগাভাগি করেছিলাম বিশাল নর্ডিক আকাশের নিচে। আমার যাপিত দিনগুলো প্রতিনিয়ত আরও সমৃদ্ধ হচ্ছে জীবনের সরল আনন্দে: স্ফটিক সাদায় ঢেকে থাকা হ্রদের মাছ ধরার উত্তেজনা, চমকপ্রদ স্কিইং-এর নাচ, প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির মহিমার একটি নীরব সংগীত। কৃতজ্ঞ হৃদয়ে ও বিস্তৃত মানসিকতার সঙ্গে আমি এই দেশের স্মৃতি বহন করছি—এর মানুষ, সংস্কৃতি এবং কালজয়ী সৌন্দর্য—যা আমার জীবনের গল্পে একটি প্রিয় কবিতার মতো খোদাই হয়ে রয়েছে।

লেখক: তায়েফ আহমদ চৌধুরী, চিকিৎসা শিক্ষার্থী, ফিনল্যান্ড