ব্রেড চিকেন পকেট: বর্ষায় স্বাস্থ্যকর ও সুস্বাদু নাশতা
ব্রেড চিকেন পকেট: বর্ষায় স্বাস্থ্যকর নাশতা

সারাদিন মেঘলা আকাশ, মাঝেমধ্যে হালকা কিংবা ঝুম বৃষ্টি—এমন দিনে ভাজাপোড়া খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায়। তবে স্বাস্থ্য সচেতন মানুষ অনেক সময় এসব খাবার এড়িয়ে চলেন। তাদের জন্য সুস্বাদু ও তুলনামূলক স্বাস্থ্যসম্মত একটি বিকল্প হতে পারে ব্রেড চিকেন পকেট রেসিপি। রঙিন ও মজাদার এই খাবারটি সহজেই ঘরে তৈরি করা যায়।

উপকরণ

এই রেসিপি তৈরির জন্য প্রয়োজন পাউরুটির কয়েকটি পিস, হাড় ছাড়া মুরগির মাংস, লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম, গাজর, বরবটি, শিম ও ডিম। পাশাপাশি পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, চিজ, টমেটো, গোলমরিচ গুঁড়া, লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়া, বাটার, ব্রেড ক্রাম্ব, মেয়োনিজ, টমেটো সস ও লেটুস পাতা লাগবে।

প্রস্তুত প্রণালির প্রথম ধাপ

প্রথমে সবজি কুচি করে কেটে নিতে হবে এবং ক্যাপসিকাম ছাড়া বাকি সবজি হালকা ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে বাটার গলিয়ে রসুন কুচি ভেজে তার মধ্যে ছোট করে কাটা মুরগির মাংস দিতে হবে। মাংসের সঙ্গে গোলমরিচ, লবণ, সামান্য হলুদ ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজ ও কাঁচা মরিচ যোগ করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর এতে ভাপানো সবজি ও চিজ মেশাতে হবে। চিজ গলে এলে টমেটো কুচি দিয়ে নেড়ে পুর তৈরি করে নিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় ধাপ

এদিকে পাউরুটি হালকা ভাপিয়ে বা সরাসরি ব্যবহার করা যেতে পারে। ব্রেডের চারপাশের শক্ত অংশ কেটে ফেলে দুটি ব্রেড একসঙ্গে রেখে বেলে নিতে হবে এবং গ্লাস বা বাটি দিয়ে গোল করে কেটে নিতে হবে। অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে লবণ ও গোলমরিচ মিশিয়ে নিতে হবে। এরপর ব্রেডের টুকরোগুলো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে মাখিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

শেষ ধাপ

ভাজা ব্রেড মাঝখান থেকে কেটে পকেটের মতো তৈরি করতে হবে। এরপর মেয়োনিজ ও টমেটো সস মিশিয়ে ভেতরে মাখিয়ে একটি লেটুস পাতা দিয়ে প্রস্তুত করা মাংস-সবজির পুর ভরে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ব্রেড চিকেন পকেট। বর্ষার দিনে পরিবারের সবার জন্য এটি হতে পারে দারুণ একটি নাশতার আয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ