বাংলার অলিগলির ঐতিহ্যবাহী স্ট্রিটফুডের স্বাদগল্প
বাংলার অলিগলির ঐতিহ্যবাহী স্ট্রিটফুডের গল্প

বাংলার খাবার ও বাঙালি যেন একই সত্তার দুই রূপ। ভোজনরসিক বাঙালির প্রমাণ মেলে অলি-গলিতে। চায়ের টং থেকে শুরু করে মোড়ের ঝালমুড়ি, সবই যেন এক শিল্পে পরিণত হয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে খেতে আড্ডা দেওয়া বা নতুন স্বাদ আবিষ্কার করা এখন দৈনন্দিন জীবনের অংশ। আজ আলোচনা করবো কিছু অঞ্চলের বিশেষ স্ট্রিটফুড নিয়ে, যা শুধু স্বাদে নয়, বরং নিজ নিজ অঞ্চলের বৈশিষ্ট্য বহন করে।

চাঁপাই নবাবগঞ্জের কালাই রুটি

বাংলার খাদ্যসংস্কৃতিতে উত্তরবঙ্গের কালাই রুটি এক অনন্য ঐতিহ্য। উত্তরবঙ্গের শীত অন্যসব অঞ্চলের তুলনায় বেশি তীব্র। কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ধোঁয়া ওঠা কালাই রুটি, ঝাল ভর্তা ও হাঁসের মাংস শরীর ও মনে উষ্ণতা আনে। এটি শুধু পেট ভরানো নয়, শীতের সঙ্গে লড়াইয়ের এক প্রাচীন পদ্ধতি।

এই খাবারের ইতিহাস গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িত। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে কালাই রুটি বহুদিনের পরিচিত ও জনপ্রিয়। এক সময় গ্রামীণ মানুষ ভোরবেলা কাজে বের হওয়ার আগে এটি খেতেন, কারণ এটি পুষ্টিকর ও দীর্ঘক্ষণ ক্ষুধা নিবারণ করে। ধারণা করা হয়, পদ্মা নদীর তীরবর্তী গ্রামগুলোতে প্রথম কালাই রুটির প্রচলন শুরু হয়। পদ্মার চরের উর্বর পলিমাটিতে সহজেই মাষকলাই জন্মাতো, যা স্থানীয় খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল। মাষকলাই ডাল গুঁড়া করে চালের আটার সাথে মিশিয়ে তৈরি হতো এই বিশেষ রুটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সময়ের সাথে সাথে কালাই রুটি গ্রামীণ খাবার থেকে শহুরে স্ট্রিটফুডে পরিণত হয়েছে। বর্তমানে বিভিন্ন শহরে নারীরা ছোট দোকান বা অস্থায়ী স্টলে কালাই রুটি ও নানা ঝাল ভর্তা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। হাঁসের মাংস না থাকলেও সরিষা, শুকনা মরিচ, ধনেপাতা, রসুন, বেগুন, আলু বা টমেটোর ভর্তা খাবারটিকে আকর্ষণীয় করে তোলে। সহজলভ্যতা ও স্বল্পমূল্যের কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, রিকশাচালক থেকে পথচারী সবার কাছেই এটি জনপ্রিয়। মাত্র ৫০ টাকায় ভর্তাসহ এক প্লেট কালাই রুটি পাওয়া যায়, আর কষানো হাঁসের মাংস থাকলে দাম ১৫০ টাকা পর্যন্ত হতে পারে।

এতটাই জনপ্রিয়তা বেড়েছে যে, ঢাকার নামি রেস্তোরাঁর মেন্যুতেও জায়গা পেয়েছে এই ঐতিহ্যবাহী রুটি। সেখানে কষানো হাঁসের মাংসের সাথে পরিবেশন করা হয়, দামও বেশি। তবু খাবারপ্রেমীদের চাহিদা কমেনি বরং বেড়েই চলেছে। কালাই রুটি শুধু একটি খাবার নয়; এটি উত্তরবঙ্গের ইতিহাস, কৃষিজীবন, শীতের আবহ ও মানুষের জীবনসংগ্রামের সাথে জড়িয়ে থাকা এক জীবন্ত ঐতিহ্য।

চট্টগ্রামের পতেঙ্গার কাঁকড়া ভাজা

পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে কাঁকড়া খাওয়ার লোভ সামলানো কঠিন। চট্টগ্রামের এই জনপ্রিয় সৈকতের নাম উচ্চারণ করলেই চোখে ভাসে ঢেউয়ের গর্জন, লোনা বাতাস আর সারি সারি খাবারের দোকান। এসবের ভিড়ে সবচেয়ে বেশি নজর কাড়ে ধোঁয়া ওঠা গরম কাঁকড়া ভাজা। সমুদ্রের পাশে বসে বিক্রেতাদের হাঁকডাক শোনা যায়, 'গরম গরম কাকড়া, ঝাল মশলা দেওয়া কাকড়া!' সেই ডাক পর্যটকদের জিভে জল এনে দেয়।

পেঁয়াজু, ঝালমুড়ি, ফুচকার মতো অন্যান্য স্ট্রিটফুড থাকলেও কাঁকড়া ভাজা এই জায়গার বিশেষত্ব। স্থানীয় জেলেদের জালে ধরা পড়া সামুদ্রিক কাঁকড়া সংগ্রহ করে সৈকতের ধারে ভেজে পর্যটকদের কাছে পরিবেশন করার এই চর্চা ৩০-৩৫ বছরেরও বেশি সময় ধরে চলছে। নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট না থাকলেও এটি স্থানীয় বিশেষ খাবার হিসেবে লোভনীয়।

সমুদ্রের ঢেউয়ের পাশে সদ্য ভাজা কাঁকড়ায় উপযুক্ত পরিমাণ ঝাল মশলা থাকে। প্লেট প্রতি মূল্য ৮০-১৫০ টাকার মধ্যে। ইদানীং রেস্তোরাঁয়ও এটি ভিন্নভাবে পরিবেশিত হচ্ছে। ভাজার পর কাঁচা মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন মশলা দিয়ে আকর্ষণীয় করে তোলা হয়। অনেক বিক্রেতা নিজস্ব রেসিপিতে মশলার মিশ্রণ তৈরি করেন, যা তাদের কাঁকড়ার স্বাদকে আলাদা করে তোলে। ঝাল, মশলাদার ও খানিকটা লবণাক্ত স্বাদ যেন সমুদ্রের আবহের সাথে মিশে যায়। সমুদ্রের পাশে বসে সচক্ষে ভাজতে দেখা ও স্বাদ গ্রহণ করা এক অন্যরকম অনুভূতি।

উপকূলীয় অঞ্চলের মানুষের সাথে এই খাবারের আত্মিক বন্ধন রয়েছে। এতে যেমন সমুদ্রের স্বাদ আছে, তেমনি আছে স্থানীয় মানুষের শ্রম, ঐতিহ্য ও জীবনের গল্প।

কুষ্টিয়ার কুলফি মালাই

রাস্তার পাশে হাঁটলে বিভিন্ন ভ্যানগাড়ির গায়ে 'কুষ্টিয়ার কুলফি মালাই' শব্দটি চোখে পড়ে। কিন্তু কেন কুষ্টিয়া অঞ্চলে এটি বিখ্যাত, তা অনেকেরই অজানা। শোনা যায়, আব্দুল জলিল মিয়া সর্বপ্রথম কুষ্টিয়াতে এই ব্যবসা শুরু করেন। বর্তমানে আশরাফুলের কুলফি মালাই নামে পরিচিত আশরাফুল তার বাবার কাছ থেকে প্রস্তুত প্রণালী শিখেছিলেন। তার পূর্বপুরুষের বাড়ি পাবনায়, আর কুষ্টিয়া-পাবনা পাশাপাশি হওয়ায় কুলফির সাথে এই অঞ্চলের সম্পৃক্ততা গভীর।

মালাই তৈরিতে ব্যবহৃত হয় নানা পুষ্টিকর উপাদান—দুধ, কিসমিস, বাদাম, ডিম, বরফসহ আরও কিছু গোপন মশলা ও উপকরণ। প্রধান উপাদান হলো খাঁটি দুধ, যা সাধারণত 'পাবনা ক্যাটেল' বা পাবনা জাতের গরুর দুধ থেকে সংগৃহীত ঘন সর দিয়ে তৈরি। এই দুধের স্বাদ ও ঘনত্ব কুলফিকে সাধারণ আইসক্রিম বা ঠান্ডা মিষ্টি থেকে আলাদা করে। দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে জ্বাল দিয়ে দুধ ঘন করা হয়, যাতে প্রতিটি কামড়ে দুধের আসল স্বাদ পাওয়া যায়। উত্তরাঞ্চলের গরমে কুলফি এক হিমশীতল মিষ্টি অনুভূতি দেয়।

কুলফির ইতিহাস আরও পুরোনো। ভারতীয় উপমহাদেশে মুঘল রন্ধনপ্রণালীর সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। ধারণা করা হয়, মুঘল আমলে শঙ্কু আকৃতির ধাতব বা মাটির ছাঁচে এই হিমায়িত মিষ্টান্ন তৈরি হতো। 'আইন-ই-আকবরী'তে সরাসরি 'কুলফি' শব্দের উল্লেখ না থাকলেও, হিমায়িত দুধভিত্তিক মিষ্টির উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। সেই ঐতিহ্য সময়ের পরিক্রমায় মুঘল দরবার থেকে লোকজ খাদ্যসংস্কৃতিতে ছড়িয়ে পড়ে। মুঘল আমল থেকে কুষ্টিয়া হয়ে আজ তা বিভিন্ন নগরীর অলি-গলিতে ছড়িয়ে পড়েছে এবং কুষ্টিয়া অঞ্চলের নামকে সমাদৃত করছে।

বর্তমানে স্ট্রিটফুডের হিড়িক চারিদিকে। বিদেশি খাবারের রেস্তোরাঁর আয়োজন পুরো বাংলাদেশ জুড়ে, যা আধুনিকতার প্রতিচ্ছবি। তবে যেসব খাবার বাংলাদেশের লালিত ঐতিহ্য ও ইতিহাস ধারণ করে, সেগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। কারণ এগুলো শুধু সাময়িক ইন্দ্রিয়ের সুখ নয়, বরং যুগ যুগ ধরে চলে আসা মানুষের সংস্কৃতি ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।