প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস ‘শবনম’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ১১ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের আলোচনা
পাঠচক্রে অংশগ্রহণকারীরা উপন্যাসটির কাহিনি, চরিত্র, ভাষাশৈলী ও মানবিক দিক নিয়ে গভীর আলোচনা করেন। আফগানিস্তানের পটভূমিতে গড়ে ওঠা মজনূন ও শবনমের হৃদয়স্পর্শী প্রেমকাহিনি, ত্যাগ, অপেক্ষা, বিরহ ও আত্মমর্যাদার মতো বিষয়গুলো আলোচনায় বিশেষভাবে উঠে আসে। পাশাপাশি উপন্যাসটির কাব্যিক ভাষা ও সাংস্কৃতিক উপস্থাপনও সবার প্রশংসা অর্জন করে।
সদস্যদের মতামত
উপস্থিত সদস্যরা মত প্রকাশ করেন, ‘শবনম’ কেবল একটি প্রেমের গল্প নয়; এটি প্রেম, ইতিহাস, সংস্কৃতি ও মানবিক অনুভূতির এক গভীর সমন্বয়।
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘পাঠচক্র আমাদের শুধু বইয়ের গল্প জানায় না; বরং চিন্তার জগৎকে বিস্তৃত করে। “শবনম” নিয়ে আলোচনা আমাদের প্রেম ও মানবিক অনুভূতির গভীরতা নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।’
সহসভাপতি ইতু রাণী কুরী বলেন, ‘এই পাঠচক্র আমাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা ছিল। “শবনম” পড়ার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, প্রেম শুধু অনুভূতি নয়—এটি ত্যাগ, দায়িত্ববোধ এবং মানসিক দৃঢ়তারও প্রতিচ্ছবি।’



