ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 'ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫' প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ)। ৯ মে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তি ও একটি ভ্রমণসাহিত্য পত্রিকাকে এই সম্মাননা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সৈয়দ মুজতবা আলী ভ্রমণসাহিত্য পুরস্কার পেয়েছেন ভ্রমণসাহিত্যিক মাহফুজুর রহমান। রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডভেঞ্চার লেখক মুনতাসির মামুন। সাইদা খানম ভ্রমণ–আলোকচিত্র পুরস্কার পেয়েছেন আলোকচিত্রী মুস্তাফিজ মামুন। বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর হিসেবে সম্মাননা পেয়েছেন সৃজনশীল নকশাবিদ আনিসুজ্জামান সোহেল। সেরা ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা পেয়েছেন সালাহউদ্দীন সুমন। এ ছাড়া সেরা ভ্রমণসাহিত্য পত্রিকা হিসেবে পুরস্কৃত হয়েছে মাহমুদ হাফিজ সম্পাদিত 'ভ্রমণগদ্য'।
অনুষ্ঠানের বক্তব্য
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, সাধারণত গুণী ব্যক্তিদের মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু একজন মানুষের কাজের মূল্যায়ন তাঁর জীবদ্দশাতেই হওয়া উচিত। সভাপতির বক্তব্যে পর্যটন বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল বলেন, ভ্রমণসাহিত্যের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। বিদেশে পর্যটন নিয়ে অনেক কাজ হলেও দেশে এখনো সমন্বয়ের অভাব রয়েছে।
অন্যান্য অতিথি ও সঞ্চালনা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফুয়াদ বিন ওমর ও শাকিল বিন মোস্তাক অনুষ্ঠান সঞ্চালনা করেন। আয়োজকেরা জানান, প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে।



