ঘানার সাভানা অঞ্চলের লারাবাঙ্গা গ্রামে অবস্থিত ঐতিহাসিক লারাবাঙ্গা মসজিদটি ‘পশ্চিম আফ্রিকার মক্কা’ হিসেবে পরিচিত। এটি শুধু ঘানার সবচেয়ে প্রাচীন মসজিদই নয়, বরং সমগ্র পশ্চিম আফ্রিকার অন্যতম প্রাচীন ইসলামী স্থাপনা। মসজিদটি কাদা, মাটি, খড় ও নলখাগড়া দিয়ে নির্মিত এবং এর আকার ৮ মিটার × ৮ মিটার (প্রায় ২৬ ফুট × ২৬ ফুট)।
লারাবাঙ্গা মসজিদের প্রতিষ্ঠার কিংবদন্তি
মসজিদটির নির্মাণ ইতিহাস ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত। সবচেয়ে জনপ্রিয় জনশ্রুতি অনুযায়ী, ১৪২১ খ্রিষ্টাব্দে আইয়ুবা নামের এক মুসলিম ব্যবসায়ী সাহারা মরুভূমি অতিক্রমের সময় একটি রহস্যময় পাথরের পাশে রাতযাপন করেন। স্বপ্নে তিনি মসজিদ নির্মাণের নির্দেশ পান এবং পরদিন সকালে দেখতে পান মসজিদের ভিত্তি অলৌকিকভাবে প্রস্তুত। পরে তিনি সেই ভিত্তির ওপর মসজিদটি সম্পূর্ণ করেন। মৃত্যুর পর আইয়ুবাকে মসজিদের পাশে দাফন করা হয় এবং তিন দিন পর তাঁর কবরের ওপর একটি বাওবাব গাছ জন্ম নেয়, যা আজও টিকে আছে। স্থানীয়দের বিশ্বাস, গাছের পাতা ও কাণ্ডে ঔষধি গুণ রয়েছে।
আরেকটি কিংবদন্তি অনুসারে, ১৬০০ খ্রিষ্টাব্দের শেষদিকে ব্রাইমাহ নামের এক ব্যক্তি যুদ্ধ শেষে একটি বল্লম নিক্ষেপ করেন এবং সিদ্ধান্ত নেন, বল্লম যেখানে পড়বে, সেখানেই বসতি স্থাপন করবেন। বল্লমটি একটি উঁচু ও উজ্জ্বল স্থানে পড়ে। সেখানেই তিনি বসতি ও মসজিদ নির্মাণ করেন এবং স্থানটির নাম দেন ‘লারাবাঙ্গা’, যার অর্থ ‘আরবদের ভূমি’।
জান্নাত থেকে আসা কুরআনের কিংবদন্তি
লারাবাঙ্গা মসজিদের অন্যতম আকর্ষণ হলো এখানে সংরক্ষিত একটি অত্যন্ত প্রাচীন পবিত্র কুরআন মাজিদ। স্থানীয়দের বিশ্বাস, ১৬৫০ খ্রিষ্টাব্দে তৎকালীন ইমাম ইদান বারিমাহ ব্রামাহ গভীর মোনাজাতের পর আল্লাহর পক্ষ থেকে এই কুরআন জান্নাতের উপহার হিসেবে নাজিল হয়। যদিও এটি লোকবিশ্বাস, তবুও কুরআনটিকে ঘিরে মানুষের গভীর শ্রদ্ধা ও ধর্মীয় অনুভূতি আজও অটুট রয়েছে।
সুদানি-সাহেলিয়ান স্থাপত্যশৈলী
মসজিদটি পশ্চিম আফ্রিকার বিখ্যাত সুদানি-সাহেলিয়ান স্থাপত্যশৈলীতে নির্মিত, যা ‘ফ্ল্যাট-ফুটেড অ্যাডোবি আর্কিটেকচার’ নামেও পরিচিত। এর নকশায় মালির জেনের বড় মসজিদের প্রভাব স্পষ্ট। সম্পূর্ণ মসজিদটি সাদা চুনকামে আবৃত এবং এতে দুটি পিরামিড আকৃতির উঁচু টাওয়ার রয়েছে। পূর্ব পাশের টাওয়ারটি মক্কামুখী মিহরাব হিসেবে এবং উত্তর-পূর্ব কোণের টাওয়ারটি মিনার হিসেবে ব্যবহৃত হয়। মাটির দেয়ালকে মজবুত রাখতে বাইরের দিকে ১২টি মৌচাকের মতো শক্তিশালী টেকো নির্মাণ করা হয়েছে, যার ভেতর দিয়ে কাঠের বিম প্রবেশ করানো হয়েছে, যা কাঠামোর ভারসাম্য রক্ষা করে এবং সংস্কারকাজে সহায়তা করে।
ঐতিহ্যের অমূল্য স্মারক
শত শত বছরের ইতিহাস, কিংবদন্তি ও স্থাপত্যশৈলীর সমন্বয়ে লারাবাঙ্গা মসজিদ আজ শুধু ঘানার নয়, সমগ্র আফ্রিকার ইসলামী ঐতিহ্যের অমূল্য সম্পদ। এটি ‘পশ্চিম আফ্রিকার মক্কা’ নামে পরিচিত এবং প্রতিবছর অসংখ্য পর্যটক, গবেষক ও ধর্মপ্রাণ মুসল্লি এই মসজিদ দেখতে আসেন। মসজিদটি ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের জীবন্ত সাক্ষী হিসেবে টিকে আছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।



