ফিতরাতি বাস্তুবিদ্যা: প্রকৃতি ও মানুষের তাওহিদি সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি
ফিতরাতি বাস্তুবিদ্যা: প্রকৃতি ও মানুষের তাওহিদি সম্পর্ক

ফিতরাতি বাস্তুবিদ্যা একটি পরিবেশ দর্শন যা মানুষ, প্রকৃতি ও সমগ্র সৃষ্টিজগৎকে আল্লাহপ্রদত্ত ফিতরাহ বা স্বাভাবিক বিধানের আলোকে পাঠ করে। এই দৃষ্টিভঙ্গিতে প্রকৃতি কেবল পদার্থগত উপাদানের সমষ্টি নয়, আর মানুষও কেবল একটি উন্নত জৈবিক প্রাণী নয়। বরং উভয়েই একটি বৃহত্তর নৈতিক ও অস্তিত্বগত ব্যবস্থার অংশ, যার ভিত্তি তাওহিদ, আমানত এবং ভারসাম্য।

মানুষের পুনর্নির্ধারণ

এই দৃষ্টিকোণ মানুষকে নতুনভাবে পুনর্নির্ধারণ করতে চায়। আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যায় মানুষকে প্রায়ই একটি জটিল জৈব-স্নায়বিক ব্যবস্থা হিসেবে দেখা হয়। সেখানে মানুষের চিন্তা, সিদ্ধান্ত এবং আচরণকে ব্যাখ্যা করা হয় স্নায়ুকোষীয় সংযোগজাল, জৈব-রাসায়নিক প্রতিক্রিয়া এবং পরিবেশগত প্রভাবসমূহের সমন্বিত ফলাফল হিসেবে। এই ব্যাখ্যা মানুষের জৈবিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক খোলাসা করে, কিন্তু মানুষের সমগ্র পরিচয়কে ধারণ করে না।

ফিতরাতি বাস্তুবিদ্যা মানুষকে কেবল জৈবিক বা যান্ত্রিক সত্তা হিসেবে দেখে না, বরং মানুষকে দেখে এক নৈতিক-সচেতন অস্তিত্ব হিসেবে। সে শুধু তথ্য গ্রহণ ও প্রক্রিয়াকরণ করে না; বরং তথ্যের অর্থ, মূল্য, দায় এবং পরিণতি সম্পর্কেও বিচার করতে সক্ষম। মানুষের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ, নৈতিক মূল্যায়ন এবং জবাবদিহির ক্ষমতা নিহিত। এ কারণেই মানুষকে এখানে কেবল একটি তথ্য-প্রক্রিয়াজাতকারী ব্যবস্থা হিসেবে সক্রিয় নয়, তাকে পাঠ করা হবে একটি দায়িত্ববাহী চেতনা হিসেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকৃতির সাথে সম্পর্কের বনিয়াদ

এই উপলব্ধি মানুষ ও প্রকৃতির সম্পর্কের বনিয়াদকে বদলে দেয়। ফিতরাতি বাস্তুবিদ্যার নজরে মানুষ প্রকৃতির প্রভু নয়। কারণ, প্রভুত্বের ধারণা একটি ক্ষমতাভিত্তিক শ্রেণিবিন্যাস তৈরি করে, যা সাবজেক্ট বনাম অবজেক্টের দ্বৈততাকে চূড়ান্ত রূপ দেয়। এতে প্রকৃতি হয়ে যায় নিয়ন্ত্রণের অবজেক্ট, আর মানুষ হয় নিয়ন্ত্রক সাবজেক্ট। এর ফলে মানুষ ও প্রকৃতির মধ্যকার পারস্পরিক সহাবস্থান দুর্বল হয়। শোষণ ও আধিপত্যের সম্পর্ক হয় অপ্রতিহত।

এর বিপরীতে ফিতরাতি বাস্তুবিদ্যা মানুষকে পাঠ করতে চায় প্রকৃতির আমানতদার প্রতিনিধি বা খলিফা হিসেবে। প্রকৃতিতে মানুষের অবস্থান কোনো সার্বভৌম নিয়ন্ত্রণকারী সত্তা নয়। আবার সে প্রকৃতির বাইরে দাঁড়িয়ে থাকা কোনো বিচ্ছিন্ন পর্যবেক্ষক নয়। বরং মানুষ হচ্ছে প্রকৃতির ভেতরে অবস্থানকারী এমন এক নৈতিক সত্তা, যার ওপর সৃষ্টিজগতের ভারসাম্য রক্ষার দায়িত্ব অর্পিত হয়েছে। মানুষ প্রকৃতির মালিক নয়; সে আমানতদার। তার হাতে একটি আস্থাপূর্ণ ইকোসিস্টেম অর্পিত হয়েছে।

প্রকৃতিকে আস্থা-ব্যবস্থা হিসেবে দেখা

এ কারণে এখানে প্রকৃতিকে কেবল সম্পদ বা রিসোর্স হিসেবে দেখা হয় না। প্রকৃতি এক নৈতিক-অস্তিত্বগত আস্থা-ব্যবস্থা, যেখানে প্রতিটি উপাদান বিদ্যমান ভারসাম্যের জন্য, তার ইস্তেমাল হবে সংরক্ষণের জন্য, যথেচ্ছ ব্যবহারের জন্য নয়। কায়েনাতের সবকিছু এমন এক সৃষ্টিগত বিন্যাসের উপাদান, যার মধ্যে উদ্দেশ্য, সম্পর্ক এবং দায়িত্বের মাত্রা সদা সক্রিয়, নিত্যনবায়িত।

অস্তিত্বপাঠের এই পরিবর্তন অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কে আমাদের ধারণাকেও বদলে দেয়। আধুনিক অর্থনীতি প্রকৃতিকে প্রায়ই সম্পদ আহরণব্যবস্থা হিসেবে বিবেচনা করে। সেখানে বন, পানি, খনিজ ও জীববৈচিত্র্যের মূল্য নির্ধারিত হয় সরবরাহ–শৃঙ্খল, উৎপাদনক্ষমতা এবং উপযোগ-সর্বোত্তমীকরণের ভিত্তিতে। কিন্তু ফিতরাতি বাস্তুবিদ্যা একটি ভিন্ন জ্ঞানতাত্ত্বিক কাঠামো প্রস্তাব করে। এখানে মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক যতটা অধিকারভিত্তিক, তার চেয়ে বেশি দায়িত্বভিত্তিক। ফলে কেবল ব্যবহার নয়, বরং সংরক্ষণ, ভারসাম্য এবং পুনরুজ্জীবন হয়ে ওঠে নৈতিক মূল্যায়নের প্রধান মানদণ্ড।

পরিবেশ-ধর্মতাত্ত্বিক সম্পর্ক

এভাবে মানুষ ও প্রকৃতির সম্পর্ক আর মানবকেন্দ্রিক শাসন-মডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং তা একটি পরিবেশ-ধর্মতাত্ত্বিক সম্পর্ক–ব্যবস্থায় পরিণত হয়। এখানে মানুষ, প্রকৃতি এবং সমগ্র সৃষ্টিজগৎ একই সুন্নাতুল্লাহ-নিয়ন্ত্রিত বিধানিক কাঠামোর অন্তর্ভুক্ত। কায়েনাতের নিয়মগুলো কেবল অন্ধ পদার্থগত কার্যকারণ নয়; বরং সৃষ্টিজগতের মধ্যে স্থাপিত এক নিয়মিত, সুশৃঙ্খল এবং উদ্দেশ্যপূর্ণ অস্তিত্ব-বিন্যাস।

এই কারণে ফিতরাতি বাস্তুবিদ্যায় বাস্তুবিদ্যা শুধু জীব ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার অধ্যয়ন নয়। বরং তা হয়ে ওঠে আয়াতভিত্তিক ব্যবস্থা-বিজ্ঞান। এখানে বাস্তুতন্ত্র মানে শুধু শক্তির প্রবাহ, খাদ্যশৃঙ্খল কিংবা জৈবিক আন্তনির্ভরতা নয়; বরং সেটা এমন এক আয়াতিক বিন্যাস, যেখানে প্রতিটি প্রজাতি, প্রতিটি প্রক্রিয়া এবং প্রতিটি সম্পর্ক একটি বৃহত্তর অর্থব্যবস্থার অংশ হিসেবে কাজ করে। প্রকৃতি তখন বস্তুগত বাস্তবতায় সীমিত না থেকে পাঠযোগ্য নিদর্শনের এক উন্মুক্ত কিতাবে পরিণত হয়।

তৌহিদী অস্তিত্বতত্ত্ব

ফিতরাতি বাস্তুবিদ্যার সবচেয়ে গভীর দাবি তৌহিদী অস্তিত্বতত্ত্ব। এখানে তাওহিদ কেবল ধর্মতাত্ত্বিক বিশ্বাস নয়; বরং অস্তিত্বের মৌলিক নীতি। সৃষ্টিজগৎ কোনো বিচ্ছিন্ন পদার্থগত সমষ্টি নয়; বরং তা একটি তৌহিদী অস্তিত্ব-স্থাপত্য। যার অর্থ হলো—সব বৈচিত্র্য, পরিবর্তন এবং জটিলতা সংগঠিত হচ্ছে একটি অভিন্ন অস্তিত্বগত উৎসের সঙ্গে যুক্ত হয়ে, এক সামঞ্জস্যপূর্ণ বিন্যাসের অধীনে এবং এক অন্তর্নিহিত সত্তাগত ঐক্যের প্রক্রিয়ায়।

কায়েনাতের সব বৈচিত্র্য, পরিবর্তন এবং জটিলতাকে অভিন্ন উৎস, সুশৃঙ্খল বিধান এবং অন্তর্নিহিত ঐক্যের ভেতর দিয়ে পাঠ করার মধ্য দিয়ে তৌহিদী অস্তিত্বতত্ত্বের ভাষারীতি হাসিল করে মানুষ।

মহাবিশ্বে মানুষের অবস্থান

ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে মহাবিশ্বে মানুষের গুরুত্ব তার ভৌত আকার, শক্তি কিংবা জৈবিক সক্ষমতার কারণে নয়। দৃশ্যমান মহাবিশ্বের তুলনায় মানুষ প্রায় অদৃশ্য একটি সত্তা। কিন্তু মানুষের বিশেষত্ব নিহিত তার চেতনা, নৈতিকতা এবং অর্থ-পাঠের ক্ষমতায়। কায়েনাতের সব উপাদান আল্লাহর বিধানের অধীনে পরিচালিত হলেও মানুষ সেই সত্তা, যে এই বিধানের অর্থ অনুধাবন করতে পারে, তার প্রতি সাড়া দিতে পারে এবং তার অনুসারে নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

মানুষের প্রকৃত পরিচয় শাসনে নয়, ন্যায়ে; মালিকানায় নয়, আমানতদারিতে; ভোগে নয়, দায়িত্বশীল প্রতিনিধিত্বে। ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষায় মহাবিশ্বে মানুষের অবস্থান তাই অর্থের দ্বারা বিকশিত হয়। এই অর্থে মানুষ মহাবিশ্বের অর্থ-উপলব্ধিকারী সাক্ষী। তার অবস্থান স্বেচ্ছাচারের নয়, বরং উপলব্ধি ও দায়িত্বের। তাই মানুষের মর্যাদা নিয়ন্ত্রণ থেকে আসছে না, সেটা আসছে আমানত বহনের ক্ষমতা থেকে। মহাবিশ্বে মানুষের অর্থ নিহিত আছে এই নৈতিক প্রতিনিধিত্বে।

এই দৃষ্টিকোণ থেকে মহাবিশ্ব কোনো নির্বাক পদার্থগত বিস্তার নয়, আর মানুষও কোনো আকস্মিক জৈবিক দুর্ঘটনা নয়। উভয়েই একটি অর্থবহ সৃষ্টিগত নেযামের অংশ। কায়েনাত তার নিয়ম, ভারসাম্য ও সৌন্দর্যের মাধ্যমে যে সত্যের ইঙ্গিত বহন করে, মানুষ সেই সত্যকে উপলব্ধি, ব্যাখ্যা এবং নৈতিক কর্মে রূপান্তর করার তাওফিক ধারণ করে। মানুষ সেই সত্তা, যার মধ্যে মহাবিশ্ব নিজেকে নৈতিক দায়সহ পঠিত হবার সম্ভাবনা অর্জন করে।

মানুষ যখন মহাবিশ্বে নিজেকে আপন উৎস, উদ্দেশ্য, সামর্থ্য, সীমানা ও হাকিকতে বুঝতে ও সংজ্ঞায়িত করতে শিখে, তখনই কায়েনাত তার কাছে বস্তুসমষ্টি থেকে অর্থসমগ্রে রূপান্তরিত হয়।

মুসা আল হাফিজ : লেখক, প্রাবন্ধিক ও গবেষক। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান