জীবনের সর্বক্ষেত্রে ভারসাম্যের শ্রেষ্ঠ আদর্শ মহানবী মুহাম্মদ (সা.)
মহানবী (সা.)-এর জীবনে ভারসাম্যের সাতটি দিক

জীবনের সর্বক্ষেত্রে ভারসাম্যের শ্রেষ্ঠ আদর্শ মহানবী মুহাম্মদ (সা.)

জীবনযাপনে ভারসাম্য বজায় রাখা বা মধ্যপন্থার সবচেয়ে শ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ উদাহরণ হলেন মহানবী মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন একাধারে আল্লাহর একনিষ্ঠ বান্দা, আপসহীন নেতা, মমতাময়ী শিক্ষক এবং দরদি সমাজ সংস্কারক। পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা এই আদর্শ অনুসরণের নির্দেশ দিয়ে বলেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ; তার জন্য যে আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।” (সুরা আহজাব, আয়াত: ২১)। নবীজির ভারসাম্যপূর্ণ জীবনের সাতটি উল্লেখযোগ্য দিক নিচে তুলে ধরা হলো।

১. ইবাদত ও কর্মজীবনের নিখুঁত সমন্বয়

রাসুল (সা.) ইবাদতের ক্ষেত্রে যেমন ছিলেন অনন্য, তেমনি জীবন ও জগতকে তিনি কখনো উপেক্ষা করেননি। তিনি ধর্মকে কষ্টের বা বোঝা বানানোর পরিবর্তে সহজ করেছেন। তিনি বলেছেন, “নিশ্চয়ই এই ধর্ম অত্যন্ত সহজ। যে ব্যক্তি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, ধর্ম তার ওপর জয়ী হবে। তাই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং গন্তব্যের নিকটবর্তী হও।” (সহিহ বুখারি, হাদিস: ৩৯)। একবার কয়েকজন সাহাবি নিরবচ্ছিন্ন ইবাদতের উদ্দেশ্যে বিয়ে না করা বা সারা বছর রোজা রাখার সিদ্ধান্ত নিলে তিনি তাঁদের সতর্ক করে বলেন, “আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি; কিন্তু আমি রোজাও রাখি, আবার রোজা ভাঙিও; নামাজও পড়ি, আবার ঘুমাইও এবং আমি বিয়েও করেছি। সুতরাং যে আমার এই সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।” (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩)।

২. অধিকার আদায়ে ভারসাম্য রক্ষা

নবীজি (সা.) শেখাতেন যে, প্রতিটি সত্তারই নির্দিষ্ট অধিকার রয়েছে। সাহাবি সালমান ফারসি ও আবু দারদার (রা.) একটি ঘটনায় এর প্রতিফলন পাওয়া যায়। সালমান যখন দেখলেন আবু দারদা ইবাদতের আধিক্যে নিজের ও পরিবারের হক নষ্ট করছেন, তখন তিনি তাকে থামিয়ে বলেন, “নিশ্চয়ই তোমার ওপর তোমার নফসের হক আছে, তোমার রবের হক আছে এবং তোমার পরিবারেরও হক আছে। সুতরাং প্রত্যেকের হক তাকে বুঝিয়ে দাও।” পরবর্তী সময়ে নবীজি (সা.) এই পরামর্শ শুনে সমর্থন করে বলেন, “সালমান সত্য বলেছে।” (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৮)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. দয়া ও কঠোরতার পরিমিতি

নবীজি (সা.) ছিলেন দয়ার আধার। আল্লাহ–তাআলা তাঁর সম্পর্কে বলেছেন, “আল্লাহর রহমতের কারণেই আপনি তাদের প্রতি কোমলহৃদয় হয়েছিলেন।” (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)। তবে এই কোমলতা তাঁকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত করেনি। আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘিত হলে তিনি ছিলেন আপসহীন ও কঠোর। আয়েশা (রা.) বলেন, “আল্লাহর রাসুলকে যখনই দুটি বিষয়ের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতো, তিনি সহজটিই গ্রহণ করতেন; যদি না তা গুনাহের কাজ হতো। তিনি নিজের ব্যক্তিগত কারণে কখনো কারো ওপর প্রতিশোধ নেননি, কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি অবশ্যই শাস্তির ব্যবস্থা করতেন।” (সহিহ বুখারি, হাদিস: ৩৫৬০)।

৪. ভুল সংশোধনে মমতা ও সহজতা

মানুষের ভুল সংশোধনের ক্ষেত্রে নবীজি (সা.) কখনো কটু কথা বা কঠোরতা দিয়ে শুরু করতেন না। একবার এক গ্রাম্য লোক মসজিদের ভেতর প্রস্রাব করে দিলে সাহাবিরা তাকে মারতে উদ্যত হন। কিন্তু নবীজি (সা.) তাঁদের থামিয়ে দিয়ে বলেন, “তাকে ছেড়ে দাও এবং ওখানে এক বালতি পানি ঢেলে দাও। তোমরা সহজকারী হিসেবে প্রেরিত হয়েছ, কঠিনকারী হিসেবে নয়।” (সহিহ বুখারি, হাদিস: ২২০)। তিনি বুঝিয়ে দিলেন, সংশোধন মানে অপমান নয়, বরং মমতা দিয়ে শিক্ষা দেওয়া। (ইমাম কুরতুবি, তাফসিরে কুরতুবি, ৪/১৮৯, মুয়্যাসসাসাতুর রিসালাহ, বৈরুত: ২০০৬)।

৫. আবেগ ও শোকের সুন্দর নিয়ন্ত্রণ

নবীজি (সা.) আবেগের গলা টিপে ধরতেন না, বরং তাকে সুন্দর রূপ দিতেন। তাঁর শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুর সময় তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বলেছিলেন, “চক্ষু অশ্রু বিসর্জন করছে, হৃদয় ব্যথিত হচ্ছে; তবে আমরা মুখে এমন কিছু বলব না যা আমাদের রবের সন্তুষ্টির পরিপন্থী।” (সহিহ বুখারি, হাদিস: ১৩০৩)। এটিই হলো ভারসাম্য—মানুষ হিসেবে দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু তা যেন তাকদিরের ওপর অভিযোগ না হয়।

৬. পারিবারিক জীবনে সম্পৃক্ততা ও দায়িত্ব

বাইরে বিশাল উম্মাহর দায়িত্ব পালন করলেও ঘরের ভেতরে তিনি ছিলেন অত্যন্ত ঘরোয়া ও সহযোগিতামূলক। আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীজি (সা.) ঘরে কী করতেন? তিনি উত্তর দেন, “তিনি ঘরের কাজে পরিবারের লোকেদের সহযোগিতা করতেন।” (সহিহ বুখারি, হাদিস: ৬৭৬)। তিনি স্ত্রীদের মধ্যে সময় ও খরচের ক্ষেত্রে নিখুঁত ইনসাফ কায়েম করেছিলেন। পারিবারিক ভারসাম্য মানে কেবল বড় বড় বক্তৃতা নয়, বরং প্রাত্যহিক ছোট ছোট কাজে দায়িত্ব পালন করা।

৭. নেতৃত্বে সাহস ও দূরদর্শিতার সমন্বয়

নবীজি (সা.) ছিলেন শ্রেষ্ঠ সাহসী বীর, কিন্তু তিনি হঠকারী ছিলেন না। হিজরতের সময় তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার পাশাপাশি নিখুঁত পরিকল্পনাও করেছিলেন। সঙ্গী নির্বাচন, পাথেয় গোছানো, ভিন্ন পথ বেছে নেওয়া—সবই ছিল পার্থিব উপকরণের শ্রেষ্ঠ ব্যবহার। আবার যখন গুহার মুখে শত্রুরা পৌঁছে গেল, তখন তিনি বিচলিত না হয়ে আবু বকর (রা.)-কে বললেন, “চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” (সুরা তাওবা, আয়াত: ৪০)। অর্থাৎ ভরসা ও পরিকল্পনার সমন্বয়ই হলো সফল নেতৃত্বের ভারসাম্য।

সারকথা

নবীজির জীবন আমাদের শেখায়, চরমপন্থা বা শিথিলতা নয়—বরং ভারসাম্যই হলো সুন্দর জীবনের চাবিকাঠি। বাড়াবাড়িহীন ইবাদত, দুর্বলতাহীন দয়া, কঠোরতাহীন শাসন এবং বিচ্যুতিহীন আবেগই একজন মানুষকে সত্যিকারের মুমিন হিসেবে গড়ে তোলে। এই শিক্ষা আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুসরণীয়।