শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত রোমান্টিক সিনেমা ‘ককটেল ২’ মুক্তির অষ্টম দিনে বিশ্বব্যাপী ১১৪ কোটি ৬৭ লাখ রুপি আয় করেছে। শুক্রবার (২৬ জুন) ছবিটি ভারতে ৫ কোটি ১০ লাখ রুপি আয় করে, যা আগের দিনের তুলনায় সামান্য প্রবৃদ্ধি। ভারতের ৫ হাজার ৯৬৫টি শোতে প্রদর্শিত হয়েছে ছবিটি।
বক্স অফিস সংগ্রহ
৮ দিনে ছবিটির ভারতের আয় ৮৯ কোটি ১৭ লাখ রুপি এবং বিদেশে ২৫ কোটি ৫০ লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে ভারতে আয় ছিল ৭০ কোটি ৫০ লাখ রুপি। ‘ককটেল ২’ শহীদ ও কৃতির আগের ছবি ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’-র আয় ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছেছে।
প্রাপ্তবয়স্ক সনদ বিতর্ক
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে। ফলে ১৮ বছরের কম বয়সীরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবে না। এটি কৃতি শ্যাননের ক্যারিয়ারের প্রথম ‘এ’ সার্টিফিকেট পাওয়া সিনেমা। রাশমিকা মান্দানার এটি দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি; এর আগে ২০২৩ সালের ‘অ্যানিমেল’ ছবিও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল। শহীদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবি—পূর্ববর্তীগুলো হলো ‘কামিনে’ (২০০৯), ‘উড়তা পাঞ্জাব’ (২০১৬), ‘কবির সিং’ (২০১৯) এবং ‘ও’রোমিও’ (২০২৬)। মজার বিষয় হলো, টানা দুটি ছবি ‘এ’ সার্টিফিকেট পাওয়ায় তিনি নাখোশ।
প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ বলেন, ‘এই ছবিতে এমন কিছুই নেই, যা নিয়ে কারও আপত্তি থাকতে পারে। আমরা “এ” সার্টিফিকেট পেয়েছি, কিন্তু কেন পেয়েছি, সেটা আমি এখনো বুঝতে পারিনি। এটা তিনজন মানুষের গল্প। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি।’
ছবির গল্প ও নির্মাণ
‘ককটেল ২’-এ শহীদ কাপুর কুনাল, রাশমিকা মান্দানা দিয়া এবং কৃতি শ্যানন অ্যালি চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘদিনের একটি সম্পর্কে তৃতীয় একজনের আগমন কীভাবে আবেগের ভারসাম্য নষ্ট করে, সেটিই ছবির মূল গল্প। ২০১২ সালের ‘ককটেল’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্র পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন।



