তারকাদের হাতে দামি উপহার তুলে দিয়ে ফের আলোচনার সৃষ্টি করেছে চ্যানেল আই। তারা ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দিলো প্রায় কোটি টাকার দামি উপহার। এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা অপু বিশ্বাস পেয়েছিলেন সোনার কলস।
শাকিব খানের হাতে রোলেক্স ঘড়ি
শনিবার (১৩ জুন) বৃষ্টিভেজা দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন শাকিব। সেখানেই তার হাতে ফরিদুর রেজা সাগর তুলে দেন রোজ গোল্ড এডিশনের রোলেক্সের দামি ঘড়ি। যার মূল্য ৭১.৯৭ লাখ টাকা। অপ্রত্যাশিত মুহূর্তটিতে আবেগী হয়ে পড়েন শাকিব। জানান, কয়েক দিন ধরেই এমন একটি ঘড়ি কিনতে চাইছিলেন। তার আগেই এত দামি ঘড়িটি উপহার হিসেবে পেয়ে গেলেন।
শাকিবের আবেগঘন প্রতিক্রিয়া
শাকিব বলেন, “আমি কখনও ভাবিনি এত দামি উপহার একজন আরেকজনকে দিতে পারে বা একজন শিল্পীকে দেয়। এটা আসলে সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব।” শাকিব আরও বলেন, “কোনো শিল্পীর দুঃসময়ে পাশে দাঁড়ানো, চিকিৎসায় অর্থ সাহায্য কিংবা যেকোনো সহায়তায় আমি চ্যানেল আইকে এগিয়ে আসতে দেখেছি। এতো দামি উপহারে শিল্পীকে সম্মান দেওয়া তাই একমাত্র চ্যানেল আইয়ের পক্ষেই সম্ভব।”
সবশেষে এই নায়ক বলেন, “এই দামি ঘড়িটি এখন আমার কাছে হয়ে গেছে অমূল্য একটা সম্পদ। এমন মমতা ও ভালোবাসার সম্মান, উপহারকে আমি চাইবো এটি আমার সংগ্রহে থাকুক। সারা জীবন এ মুহূর্তকে আমি সুখকর স্মৃতি হিসেবে বেঁধে আমার কাছে রাখতে চাই। সত্যি আমি কৃতজ্ঞ।”
অপু বিশ্বাসের সোনার কলস
শাকিব খানের আগে ফরিদুর রেজা সাগরের কাছ থেকে সম্মাননা ও বিশেষ উপহার হিসেবে দামি একটি স্বর্ণের কলস উপহার পান চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশেষ দামি উপহার পাওয়ার পর নায়িকা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, এমন ভালোবাসা আর সম্মান তার ক্যারিয়ারে আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তিগুলোর একটি।



