কথা বলতে না পেরে বেঁচে থাকার কষ্ট জানালেন অমি
'ব্যাচেলর পয়েন্ট' খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি গলায় সিস্ট ধরা পড়ায় কথা বলতে পারছেন না। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।
পোস্টে তিনি শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, 'আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনো আমি কথা বলতে পারছি না, তবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। আর ৩ দিন পর পরিস্থিতিটা আরও স্পষ্টভাবে বুঝতে পারব।'
কাজে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি লেখেন, 'কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন এবং শ্বাসরুদ্ধকর, তা এখন আমি টের পাচ্ছি। আমার দ্রুত আরোগ্যের জন্য দয়া করে সবাই দোয়া করবেন। আমি আবারও কথা বলতে চাই। জোরে কথা বলতে চাই। আবারও 'অ্যাকশন' বলতে চাই।'
অসুস্থতার এই দিনগুলোতে নিজের সন্তানের সঙ্গেও কথা বলতে না পারার কষ্টের কথা জানিয়ে তিনি লেখেন, 'সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। আমি তাকে আবারও 'পাপা' বলে ডাকতে চাই। সবাইকে অনেক ভালোবাসা। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।'
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট' নির্মাণ করে ব্যাপক পরিচিতি পান কাজল আরেফিন অমি। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন চলছে। এই ধারাবাহিকে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল প্রমুখ।



