অ্যামচ্যামের নতুন নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ
অ্যামচ্যামের নতুন নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল এবং সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ।

রবিবার (১৪ জুন) রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যামচ্যামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজা উর রহমান মাহমুদ। সৈয়দ মোহাম্মদ কামালের আর্থিক সেবা, ভোগ্যপণ্য (এফএমসিজি), রেমিট্যান্স ও ডিজিটাল পেমেন্ট খাতে ৩৫ বছরেরও বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি অ্যামচ্যাম বাংলাদেশের সহ-সভাপতি এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপরদিকে আলা উদ্দিন আহমদ একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড (সিএএএনজেড)-এর সদস্য। তিনি অ্যামচ্যাম, ফিকি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদের অর্থনীতি, করপোরেট কৌশল ও জনসংযোগ খাতে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ন্যাটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আল-মামুন এম. রাশেল, এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন এবং শপআপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা আতাউর রহিম চৌধুরী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে অ্যামচ্যামের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ তার দায়িত্বকালে সংগঠনটির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যামচ্যামের নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে নতুন কমিটির সফলতা কামনা করেন।

ব্যবসায়ী নেতাদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব নীতিগত পরিবেশ গঠনে অ্যামচ্যাম আরও সক্রিয় ভূমিকা পালন করবে।