চার মাস আগে আকৃতি আগরওয়ালের সঙ্গে ধুমধাম করে বাগদান সেরেছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার পৃথ্বী শ। তবে সেই সম্পর্ক ভাঙার জল্পনা শুরু হয়েছে প্রেমিকার সোশাল মিডিয়া পোস্টে। ইনস্টাগ্রাম স্টোরিতে ঘুরিয়ে পৃথ্বীর প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন আকৃতি। নাম না করে তিনি পৃথ্বীর ‘ব্যাড বয় ইমেজ’ প্রসঙ্গে লিখেছেন, ‘ওর সম্পর্কে যা শোনা যায়, সব সত্যি।’
পৃথ্বী শ’র কেরিয়ারের পতন
এক সময় পৃথ্বী শ’র তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। কিন্তু সেই সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে গিয়েছে। আইপিএলে দল পেলেও খেলার সুযোগ পাননি তিনি। চলতি বছরের মার্চে আকৃতির সঙ্গে বাগদান সারেন পৃথ্বী; কিন্তু চার মাস যেতে না যেতেই সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।
আকৃতির ইঙ্গিতপূর্ণ পোস্ট
ইনস্টাগ্রাম স্টোরিতে আকৃতি লিখেছেন, ‘আমি এর আগে বহুবার প্রতারিত হয়েছিলাম। কিন্তু কখনও মুখ খুলিনি। এখনও বিশ্বাস করতে পারছি না, এতটা পথ এগিয়ে যাওয়ার পর…।’ কোথাও তিনি পৃথ্বীর নাম লেখেননি। তবে নেটিজেনদের জল্পনা, বাগদান হওয়ার পরও পৃথ্বী তার সঙ্গে প্রতারণা করেছেন। আকৃতি আরও লিখেছেন, ‘যত গুঞ্জন ছিল সব সত্যি। সোশাল মিডিয়ায় আপনারা ওর সম্পর্কে যা দেখেন, সব সত্যি।’ পরে অবশ্য পোস্টটি মুছে দেন তিনি।
পৃথ্বীর বিতর্কিত অতীত
অতীতে বহুবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, যা আদালত পর্যন্ত গড়ায়। এর আগে ‘প্রেমিকা’ নিধি তপদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়। ক্রিকেট জীবনেও ফিটনেস ও শৃঙ্খলার সমস্যায় দল থেকে বাদ পড়েছেন তিনি। সব মিলিয়ে ‘ব্যাড বয় ইমেজ’ তৈরি হয়েছে পৃথ্বীর। সম্পর্ক ভাঙার জল্পনার মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্টে সেটাকেই আক্রমণ করলেন আকৃতি বলে ধারণা নেটিজেনদের।



