তামিলনাড়ুতে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়, কংগ্রেসের সমর্থন পেল টিভিকে
তামিলনাড়ুতে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়, কংগ্রেসের সমর্থন পেল টিভিকে

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক আধিপত্য ভেঙে ইতিহাস গড়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)। নতুন দলের এই বিশাল জয়ের পর সরকার গঠনের লক্ষ্যে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে কংগ্রেস এমপি শশীকান্ত সেন্থিল বলেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে সরকার গঠনের ক্ষেত্রে টিভিকে-কে সমর্থন দেওয়ার অনুমতি দিয়েছে। সূত্র জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী টিভিকে-কে সমর্থন দেওয়ার পক্ষে ছিলেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে চেয়েছিলেন দিল্লি থেকে নয়, এই সিদ্ধান্ত তামিলনাড়ু কংগ্রেস কমিটি থেকেই নেওয়া হোক। মঙ্গলবার মধ্যরাতে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কংগ্রেসের শর্ত ও সরকার গঠনের পথ

কংগ্রেস একটি প্রধান শর্ত দিয়েছে, যেখানে টিভিকে কখনোই এনডিএ বা এআইএডিএমকে-র মতো জোটের সঙ্গে হাত মেলাতে পারবে না। কংগ্রেসের আশা করছে, থালাপতি বিজয়ের সরকারে তারা অন্তত দুটি মন্ত্রী পদ পাবে। দলের নেতা গিরিশ চোদানকার ও প্রবীণ চক্রবর্তী টিভিকে নেতাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছেন। খুব দ্রুত রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে চিঠি দেওয়া হবে, যা বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জোট ভাঙন ও প্রতিক্রিয়া

এই সিদ্ধান্তের ফলে কংগ্রেস-দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) জোট ভেঙে গেলো, যা দীর্ঘদিন রাজ্যের নির্বাচনী রাজনীতিতে প্রভাবশালী ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা ৩৯টির মধ্যে ৩৮টি আসন জিতেছিল এবং ২০২৪ সালে সবকটি আসনই পেয়েছিল। এই জোটের বিচ্ছেদকে ‘পিঠে ছুরি মারা’ হিসেবে আখ্যায়িত করেছেন ডিএমকে মুখপাত্র এ. সারাভানান। তিনি দাবি করেন, ডিএমকে-র সমর্থন ছাড়া কংগ্রেস তাদের ৫টি আসন জিততে পারত না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ

২৩৪ আসনের বিধানসভায় টিভিকে-র আসন সংখ্যা ১০৮। সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের দরকার ১১৮টি আসন। কংগ্রেসের ৫ আসন যুক্ত হওয়ার পর তাদের বর্তমান সংখ্যা ১১৩। টিভিকে সূত্রে জানা গেছে, তারা সিপিআই (২টি আসন), সিপিএম (২টি আসন) এবং ভিসিকে (২টি আসন)-র সমর্থনের দিকেও তাকিয়ে আছে। এর আগে কংগ্রেস জানিয়েছিল, টিভিকে প্রধান থালাপতি বিজয় তাদের সমর্থন চেয়েছিলেন নতুন সরকার গঠনের জন্য। দলটি বলেছে, তামিলনাড়ুর রায় একটি ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে। কংগ্রেসের লক্ষ্য হলো, বিজেপি বা তাদের মিত্ররা যেন কোনোভাবেই তামিলনাড়ুর শাসনক্ষমতায় আসতে না পারে। এখন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানাতে হবে বিজয়কে, এরপরই তিনি শপথ নিতে পারবেন।