অভিনয় ও গ্ল্যামারে নতুন করে আভা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। নাটক, চলচ্চিত্র ও উপস্থাপনা—তিন মাধ্যমেই তিনি সরব হয়ে উঠেছেন। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়ে কিছুটা আফসোস জানিয়েছেন গণমাধ্যমে। তবে থেমে যাননি। জানা গেছে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’। সমকালীন জীবনের হতাশা, মানসিক চাপ এবং নানা সংকটের পরও মানুষ কী করে টিকে থাকার শক্তি খুঁজে পায়, ছবিটি সে বাস্তবতাকেই তুলে ধরবে। বেঁচে থাকার জন্য সুন্দর কিছু খুঁজে বের করার মানুষের নিরলস প্রচেষ্টার গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
‘ঝামেলা’ চলচ্চিত্রের শুটিং
ব্যস্ত রয়েছেন আরও একটি চলচ্চিত্রের শুটিংয়ে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ নামের চলচ্চিত্রটিতে তার বিপরীতে দেখা যাবে শ্যামল মাওলাকে। বাংলাট্রিবিউনকে তানজিকা বলেন, “দুটি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা রয়েছে। ‘রবি ইন ঢাকা’ মুক্তির বিষয়টি নিশ্চিত হলেও ‘রঙবাজার’-এর বিষয়টি এখনও নিশ্চিত নয়। ‘ঝামেলা’ চলচ্চিত্রটির শুটিং এখনো শেষ হয়নি। চলচ্চিত্রটির শুটিংয়ে ব্যস্ততা রয়েছে।”
‘রঙবাজার’ মুক্তি পাচ্ছে না ঈদে
তবে ‘রঙবাজার’ চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশ বাংলাট্রিবিউনকে জানিয়েছেন, ঈদে আসছে না তানজিকা আমিন অভিনীত ‘রঙবাজার’। ঈদের পর ঢাকঢোল পিটিয়ে বড় পরিকল্পনায় চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। চলচ্চিত্রটিতে তানজিকা আমিনকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে।
ছোটপর্দায় ‘অবুঝ চোখ’ নাটক
বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের পাশাপাশি রঙিন পর্দায় উপস্থিতির বৈচিত্রও আনছেন তানজিকা। এতো গেল বড়পর্দার গল্প। আসন্ন ঈদুল আজহায় ছোটপর্দায় একটি নাটকেই দেখা যাবে তাকে। শুটিং সেট থেকেই জানালেন, সাগর জাহানের পরিচালনায় ঈদ নাটক ‘অবুঝ চোখ’ নাটকে অভিনয় করছেন তিনি। তার পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও পর্দায় আসছেন এই আলোচিত অভিনেত্রী।
রান্নার অনুষ্ঠান ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’
‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ নামের অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হচ্ছে ১ মে। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। জানা যায়, বাংলাদেশের ঐতিহ্যবাহী ১১৮টি রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি’র বিভিন্ন আসরের শীর্ষ রন্ধনশিল্পীরা। প্রতিটি পর্বে থাকবে দুটি করে রেসিপি।
দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, “অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাটা আমি উপভোগ করি, বিশেষ করে অনুষ্ঠানের ভাবনা যদি পছন্দ হয়। এই অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজন আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটি করতে সম্মত হয়েছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।” নাটক, চলচ্চিত্র, উপস্থাপনা—তিন মাধ্যমেই নিজের সরব উপস্থিতি দারুণ উপভোগ করছেন জানালেন এ অভিনেত্রী।



