কানের চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে চলমান সমালোচনা ও বয়স-শরীর নিয়ে কটূক্তির বিরুদ্ধে এবার জোরালো অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি বলেন, “ঐশ্বরিয়ার পরিচয় কেবল চেহারা বা বয়সের মধ্যে সীমাবদ্ধ করা উচিত নয়, বরং তার অর্জন ও অবদানকে গুরুত্ব দেওয়া উচিত।”
নিজের আসন্ন নেটফ্লিক্স সিনেমা ‘মা বেহেন’-এর প্রচারের সময় পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত বলেন, “তিনি গত ২০ বছর ধরে সেখানে (কান চলচ্চিত্র উৎসবে) যাচ্ছেন। তিনি পুরো দেশকে গর্বিত করেছেন। তিনি একজন গ্লোবাল স্টার। একজন মিস ওয়ার্ল্ড হিসেবে তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। তাকে শুধু স্কেলের সংখ্যা, পোশাকের মাপ বা বয়স দিয়ে বিচার করা যায় না। তিনি সুন্দর, ভেতর থেকেও সুন্দর।”
মাধুরী আরও বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের মন্তব্য তরুণ প্রজন্মের ওপর ভুল বার্তা দিচ্ছে। তার ভাষায়, “মানুষ যখন এ ধরনের মন্তব্য করে, তখন তারা তরুণদের কী বার্তা দিচ্ছে? যে মানুষের মূল্য চেহারা দিয়ে নির্ধারিত হয়, অর্জন দিয়ে নয়—এটি সম্পূর্ণ ভুল বার্তা।”
ঐশ্বরিয়ার কান যাত্রা
ঐশ্বরিয়া রাই ২০০২ সালে সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ প্রতিনিধিত্বের মাধ্যমে প্রথম কানের চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এরপর থেকে তিনি নিয়মিতভাবে এই আন্তর্জাতিক আসরে উপস্থিত থাকছেন এবং রেড কার্পেটে তার উপস্থিতি বিশ্বমাধ্যম ও দর্শকদের বিশেষ নজর কাড়ে।
তবে দীর্ঘ ক্যারিয়ার ও বৈশ্বিক স্বীকৃতি থাকা সত্ত্বেও, তাকে প্রায়ই সামাজিক মাধ্যমে বয়স ও শারীরিক গঠন নিয়ে কটূক্তির মুখোমুখি হতে হয়। এ বিষয়ে বলিউডের একাধিক তারকা আগেও তার পাশে দাঁড়িয়েছেন।



