৪০ বছর বয়সেও ১২ বছরের শিশুর মতো দেখতে চীনা অভিনেতা
৪০ বছর বয়সেও ১২ বছরের শিশুর মতো দেখতে চীনা অভিনেতা

বয়স ৪০ বছর হলে কী হবে, চেহারায় এখনও কৈশোরের ছাপ! অবিকল ১২ বছরের এক শিশুর মতো দেখতে চীনা অভিনেতা হউ শিয়াংকে তাই অনেকেই ডাকেন ‘চীনের বেঞ্জামিন বাটন’। এক বিশেষ শারীরিক অবস্থার কারণে তার শারীরিক বৃদ্ধি থমকে যাওয়ায় এই অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিয়ের ছবি ভাইরাল

সম্প্রতি হউ শিয়াং ও তার স্ত্রীর একটি বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অনেকে এই দম্পতিকে নিয়ে উপহাস করে বলেছেন, তাদের দেখতে নাকি মা ও ছেলের মতো লাগে। তবে হউ এসব সমালোচনাকে গায়ে মাখেননি, কারণ সারা জীবনই তাকে এমন কথা শুনতে হয়েছে।

শারীরিক অবস্থার কারণ

চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মায়ের গর্ভাবস্থায় অপুষ্টিজনিত কারণে হউয়ের জন্ম হয়েছিল সময়ের আগেই। সমবয়সীদের চেয়ে তিনি সব সময়ই ছোটখাটো ছিলেন। তবে প্রায় নয় বছর বয়সে এসে তার শারীরিক বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সারা জীবনের জন্য তার চেহারা এক ছোট বালকের মতো রয়ে যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও মানুষ তাকে কিশোর ভেবে ‘কোথায় পড়াশোনা করো?’, এমন প্রশ্ন করত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনয় ক্যারিয়ার

তবে এই শারীরিক প্রতিবন্ধকতাকে নিজের ক্যারিয়ারের বাধা হতে দেননি হউ। পরিবারের সমর্থনে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে ‘হোম উইথ কিডস’ নামের একটি জনপ্রিয় সিটকম-এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করে তিনি বাজিমাত করেন। এরপর তিনি ‘স্টেপফাদার’, ‘চুয়াং গুয়ান্দং’ এবং ‘টানেল ওয়ারফেয়ার’-এর মতো জনপ্রিয় নাটকে বিভিন্ন কম বয়সী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরিচালকেরাও তার অভিনয় দক্ষতা এবং নিখুঁতভাবে নির্দেশনা মেনে চলার ক্ষমতার প্রশংসা করেছেন, যা সাধারণত শিশু শিল্পীদের ক্ষেত্রে পাওয়া কঠিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সীমাবদ্ধতা ও সাফল্য

৪০ বছর বয়সী এই অভিনেতা স্বীকার করেছেন যে, তার শিশুর মতো চেহারা এবং কণ্ঠস্বরের কারণে তিনি সব ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পান না। তবে তিনি যে চরিত্রই পান, তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। হউ বলেন, ‘আমার জন্য মনের মতো চিত্রনাট্য বা চরিত্র পাওয়া সহজ নয়। আমি আশা করি, আমার এই সীমার মধ্যে পাওয়া প্রতিটি চরিত্রেই আমি নিজেকে উজাড় করে দেব। একজন অভিনেতার জন্য এটাও এক ধরনের সাফল্য।’