টিকটকে সম্প্রতি একটি অদ্ভুত গান সবার নজর কেড়েছে। গানটির নাম ‘বাংলাদেশ’ এবং এটি তৈরি করেছেন মার্কিন সংগীতশিল্পী ইয়ান ম্যাককনেল। মাত্র ৪৯ সেকেন্ডের এই গানটি এখন নেট–দুনিয়ায় ব্যাপক ভাইরাল।
গানের কথা ও অর্থ
গানের মূল কথাটি হলো, ‘ইউ নেভার টেক মি টু বাংলাদেশ’। বাংলায় যার অর্থ, ‘তুমি আমাকে কখনোই বাংলাদেশে নিয়ে যাও নাই’। গানটিতে ভালোবাসার মানুষের কাছ থেকে পর্যাপ্ত সময় বা গুরুত্ব না পাওয়ার একটি কাল্পনিক ও মজার অভিযোগ উঠে এসেছে। লিরিকসের কিছু অংশ বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়: ‘তুমি আমাকে কখনোই বাংলাদেশে নিয়ে যাও নাই/ খোলা আগুনে আমার জন্য সসেজ রান্না করো নাই/ কখনো আমার গায়ে তেল মাখিয়ে দাও নাই/ আমার জন্য কোনো উপন্যাস লেখো নাই/ তুমি কখনো আমার শত্রুদের মোহিত পানীয়তে বিষ মিশিয়ে দাও নাই।’
ভাইরাল হওয়ার পথ
গানটি সাধারণ অবহেলায় হারিয়ে যেতে পারত, কিন্তু টিকটক প্রযোজক প্রডপডি গানটির একটি রিমিকস সংস্করণ তৈরি করে পোস্ট করেন। তাঁর তৈরি প্রথম রিমিকস ভিডিওটিই রাতারাতি ৮ লাখের বেশি ভিউ পায়। পরবর্তী সময় এই রিমিকস ব্যবহার করে তৈরি করা অন্য ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়।
হলিউড তারকাদের অংশগ্রহণ
গানটির জনপ্রিয়তা সাধারণ টিকটকারদের গণ্ডি পেরিয়ে হলিউড ও পপ দুনিয়ার তারকাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বিখ্যাত পপ তারকা জারা লারসন ‘বাংলাদেশ’ রিমিকসের সঙ্গে নাচ দিয়ে একটি ভিডিও শেয়ার করেন, যা ইতিমধ্যেই ২৫ লাখের বেশি মানুষ দেখেছেন। জনপ্রিয় গায়িকা লিজো এই গানটি মাথা থেকে বের করতে না পেরে নিজেই গানটি গেয়ে ভিডিও পোস্ট করেন, যার ভিউ সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে। ক্যাপশনে তিনি মজা করে লেখেন, ‘এই গানের কথাগুলো আমার হৃদয়ের খুব কাছাকাছি।’
বিশ্বখ্যাত তারকা এস জেড এ ইনস্টাগ্রামে এই গানের লিরিকস নিয়ে মন্তব্য করে লেখেন, ‘তুমি যদি আমার শত্রুদের ড্রিংকসে বিষ মিশিয়ে দিতে না পারো, তবে কি তুমি আমাকে আসলেই ভালোবাসো? না, বাসো না!’
বিশ্বব্যাপী সাড়া
খাপছাড়া, অথচ দারুণ উপভোগ্য লিরিকসের কারণে ‘বাংলাদেশ’ শিরোনামের এই গানটি এখন বিশ্বজুড়ে কোটি মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট।



