প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার (১ জুন) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাঁকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে।
শ্রদ্ধা নিবেদন ও দাফন
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুদ্দীন আবসার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী কবি ফেরদৌসী বেগম, ছেলে আদনান মুকিতসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংস্কৃতিক কর্মজীবন
গণসংগীত, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও গণমানুষের অধিকারের পক্ষে সাংস্কৃতিক লড়াইয়ে কামরুদ্দীন আবসার ছিলেন এক নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দীর্ঘদিন বাংলাদেশ লেখক শিবির, গণসংস্কৃতি ফ্রন্ট এবং গণসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গে যুক্ত ছিলেন। গণসংগীত রচনা, সুরারোপ ও পরিবেশনার পাশাপাশি শিশুদের জন্য অসংখ্য ছড়ায় সুর দিয়েছেন তিনি। হেমাঙ্গ বিশ্বাসের গানের একজন উল্লেখযোগ্য শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি প্রগতিশীল ধারার বই প্রকাশনার কাজেও যুক্ত ছিলেন তিনি।



