ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের বিবাহ সম্পন্ন
ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের বিয়ে সম্পন্ন

বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল রোববার লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলিবোন টাউন হলে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ব্রিটিশ ও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং ছোট পরিসরে আয়োজিত হয়েছিল।

বিয়ের পোশাক ও আয়োজন

বিয়ের দিন ডুয়া লিপা পরেছিলেন বিখ্যাত ফ্যাশন হাউস স্কিয়াপারেলির কাস্টম কৌচার স্যুট-ড্রেস, যা ডিজাইনার ড্যানিয়েল রোজবেরি নকশা করেছিলেন। পোশাকের সঙ্গে ছিল মানানসই গ্লাভস, জুতা এবং ব্রিটিশ টুপি ডিজাইনার স্টিফেন জোন্সের তৈরি বড় সাদা টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার গাঢ় নীল রঙের স্যুট ও টাই পরেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে দুজনকে হাত ধরাধরি করে বেরিয়ে আসতে দেখা যায় এবং সেই ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রেম ও বাগদানের ইতিহাস

ডুয়া ও ক্যালামের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ওঠে ২০২৪ সালের জানুয়ারিতে, যখন লন্ডনে অনুষ্ঠিত মাস্টারর্স অব দ্য এয়ারের আফটার পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। এরপর ধীরে ধীরে সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু প্রথম দিকে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ করে তারা সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেতে থাকে, লালগালিচা থেকে ব্যক্তিগত ভ্রমণ পর্যন্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০২৫ সালের মাঝামাঝি সময়ে ডুয়ার হাতে একটি হীরার আংটি দেখে বাগদানের গুঞ্জন শুরু হয়। অবশেষে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুয়া নিজেই বাগদানের খবর নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ব সফর শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা করছেন। ডুয়া বলেন, 'আমি কখনো সেই ধরনের মানুষ ছিলাম না, যে ছোটবেলা থেকে নিজের বিয়ের স্বপ্ন দেখে বা কেমন কনে হবে, তা নিয়ে ভাবতে থাকে।' তবে বাগদানের পর তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা

বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডুয়া বলেন, 'একসঙ্গে বৃদ্ধ হওয়ার সিদ্ধান্ত, একটা জীবন ভাগ করে নেওয়া, চিরদিনের জন্য সেরা বন্ধু হয়ে থাকা—এটা সত্যিই খুব বিশেষ অনুভূতি।' বাগদানের পরপরই অনেকে ধারণা করেছিলেন, খুব দ্রুত বিয়ে করবেন তারা, কিন্তু ডুয়া তখন ব্যস্ত ছিলেন বিশ্বভ্রমণ কনসার্ট সফর নিয়ে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, তারা বাগদানের আনন্দ উপভোগ করছিলেন এবং তাড়াহুড়ো করে বিয়ে করতে চাননি।

বিয়ের পর ডুয়া পরিবার গঠনের ইচ্ছার কথাও জানিয়েছেন। তিনি বলেন, 'একদিন আমি অবশ্যই সন্তান চাই।' তবে সন্তান নেওয়ার সময় নিয়ে তার কিছু বাস্তব চিন্তাও রয়েছে: 'সব সময়ই ভাবি, আমার কাজের সঙ্গে এটা কীভাবে মানিয়ে যাবে? যদি ট্যুরে যেতে হয়? কত দিন বিরতি নিতে হবে? কিন্তু মনে হয়, এগুলো এমন বিষয়, যা হওয়ার সময় হলে নিজে থেকেই হবে।'

বর্তমানে ৩০ বছর বয়সী ডুয়া লিপা বিশ্বের অন্যতম সফল পপ তারকা। 'ফিউচার নস্টালজিয়া', 'ডোন্ট স্টার্ট নাউ', 'হুডিনি' ইত্যাদি গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন। অন্যদিকে ক্যালাম টার্নার পরিচিত মুখ ব্রিটিশ ও হলিউড অঙ্গনে, যিনি অভিনয় করেছেন 'ফ্যান্টাস্টিক বিটস' ফ্র্যাঞ্চাইজি, 'মাস্টার্স অব দ্য এয়ার'সহ বেশ কয়েকটি আলোচিত প্রযোজনায়।

বিয়ের খবর প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, গত কয়েক বছরে বিনোদনজগতের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি ছিল ডুয়া ও ক্যালামের সম্পর্ক, যা এবার নতুন অধ্যায়ে প্রবেশ করল।