পিরিতি গানের সাফল্যে অভিভূত পান্থ কানাই
পিরিতি গানের সাফল্যে অভিভূত পান্থ কানাই

‘পিরিতি’ গানটি প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে। এই গানের শিল্পী পান্থ কানাই জানালেন, স্টুডিওতে গাওয়ার সময়ই তিনি বুঝতে পেরেছিলেন গানটির মধ্যে আলাদা একটি আবেগ আছে। তবে এরকম বিপুল ভালোবাসা পাবেন, তা কল্পনা করেননি। প্রকাশের পর বিভিন্ন ভাষার মানুষ গানটি গেয়েছেন, রিঅ্যাকশন ভিডিও বানিয়েছেন, নিজেদের অনুভূতি ভাগাভাগি করেছেন। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? এই গান তাকে নতুন শ্রোতামহলের কাছে পৌঁছে দিয়েছে। দেশ-বিদেশে শাকিব খানের বিশাল ভক্তকুলের কাছে তিনি পৌঁছেছেন। মানুষ শুধু গান শোনেনি, গানের আবেগও অনুভব করেছে বলে মনে করেন তিনি।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা

গানটির চিত্রায়ণে অংশ নিয়ে পান্থ কানাই বলেন, তিনি নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবেই দেখেন। গানই তার সবচেয়ে স্বস্তির জায়গা। তবে অভিনয় একটি ভিন্ন অভিজ্ঞতা, যেখানে অনুভূতিকে অন্যভাবে প্রকাশ করতে হয়। শুরুতে কিছুটা চাপ ও নার্ভাসনেস কাজ করেছিল। কারণ মিউজিশিয়ানরা ক্যামেরার সামনে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে শাকিব খানের আন্তরিকতার কারণে অস্বস্তি দ্রুত স্বস্তিতে রূপান্তরিত হয়। শাকিব খান খুব সহযোগিতাপরায়ণ ও আন্তরিক ছিলেন। শেষ পর্যন্ত চাপের চেয়ে শেখার অভিজ্ঞতাটি তিনি ভীষণ উপভোগ করেছেন।

অভিনয়ের ভবিষ্যৎ পরিকল্পনা

পান্থ কানাই মূলত একজন গায়ক। অভিনয় নিয়ে তার ভাবনা জানতে চাইলে তিনি বলেন, যদি কখনো গল্প, চরিত্র আর পরিবেশ ভালো লাগে, তাহলে অবশ্যই অভিনয় নিয়ে ভাবতে পারেন। তবে তিনি চান, মানুষ তাকে একজন গায়ক হিসেবে মনে রাখুক, চিনুক এবং ভালোবাসুক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন গান ও প্রজেক্ট

বর্তমানে পান্থ কানাই তার ব্যান্ড ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন কিছু গানের রেকর্ডিং চলছে। দারুণ কথার এসব গান শিগগিরই প্রকাশ করবেন। ইতিমধ্যে ‘পান্থ কানাই অফিশিয়াল’ নামে নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন। নতুন গানগুলো সেখানে আপলোড করবেন। ভক্ত-শ্রোতারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গান শুনতে পারবেন। এছাড়া একক কয়েকটি গানের রেকর্ডিংও করা আছে, তবে সেগুলো কবে প্রকাশিত হবে তা এখনই বলতে পারছেন না।

ব্যক্তিজীবন ও অবসর

ব্যক্তিজীবনে পান্থ কানাই নিজেকে খুব রোমান্টিক একজন মানুষ বলে পরিচয় দেন। অবসর সময়ে তার প্রেম করতে ভালো লাগে। তিনি বলেন, ‘আমি একজন প্রেমিক পুরুষ।’