একসময় বার্সেলোনার ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে বিবেচিত আনসু ফাতি এখন সংগীতশিল্পী। ২৩ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পর ফুটবল থেকে সরে গিয়ে গানের জগতে পা রেখেছেন। সম্প্রতি তিনি নিজের প্রথম একক গান 'Sea Como Sea' (বাংলা অর্থ: যাই হোক না কেন) প্রকাশ করেছেন।
বার্সেলোনা থেকে মোনাকো: ফুটবল ক্যারিয়ারের পতন
আনসু ফাতিকে একসময় বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসেবে দেখা হতো। লামিনে ইয়ামালের আগমনের আগ পর্যন্ত তিনি ক্লাবটির ভবিষ্যৎ তারকা ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তার পারফরম্যান্সে বড় ধরনের পতন দেখা দেয়। ফর্ম হারিয়ে ধীরে ধীরে মূল দলে জায়গা হারান তিনি। শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে ধারে ব্রাইটন এবং পরে এএস মোনাকোয় যেতে হয় তাকে। বর্তমানে তিনি মোনাকোয় স্থায়ীভাবে যোগ দেওয়ার পথে।
সংগীত জগতে অভিষেক
ফাতির গান 'Sea Como Sea' ২ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের। এতে আফ্রোবিটস, রেগেটন এবং অ্যামাপিয়ানো সঙ্গীতধারার মিশ্রণ রয়েছে। গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিং হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ফাতির জন্মস্থান গিনি-বিসাউয়ের সঙ্গীত প্রভাব, স্পেনের আন্দালুসিয়ায় বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় অ্যামাপিয়ানো ধারার ছাপ এই গানে ফুটে উঠেছে।
সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিউজিক ব্রোকার্সের সঙ্গে একটি বৈশ্বিক বিতরণ চুক্তি করেছেন ফাতি, যা সনি মিউজিকের সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক গান প্রকাশ করলেন।
গান লেখার শুরু করোনাকালে
ফাতির সংগীতচর্চার শুরু বেশ আগেই। ২০২০ সালে করোনাকালে গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ পুনর্বাসনের সময় তিনি গান লেখা শুরু করেন। এএস মোনাকোয় যোগ দেওয়ার পর স্টুডিওতে নিয়মিত সময় কাটাতে থাকেন এবং ধীরে ধীরে এই ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন।
ফাতির বক্তব্য
নিজের গান সম্পর্কে ফাতি বলেছেন, 'অনেক মানুষ মনে করেন, তারা আমার গল্প জানেন। কারণ তারা আমাকে গোল করতে দেখেছেন। কিন্তু এই গান তাদের সামনে আমাদের জীবনের আরেকটি দিক তুলে ধরবে। বিশ্বকাপ চলাকালীন গান প্রকাশ করা পরিকল্পিত ছিল না। বরং এটি আমার বর্তমান জীবনেরই একটি অংশ।'
ভবিষ্যৎ পরিকল্পনা
ফুটবল ও সংগীত—দুই জগৎকেই ফাতি সমানতারে এগিয়ে নিতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার এই নতুন যাত্রা এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, এএস মোনাকোতে পাকাপাকিভাবে থেকে যাচ্ছেন ফাতি। ফরাসি লিগ আঁ-এর ক্লাবটি শিগগিরই তাকে বার্সেলোনার কাছ থেকে ছাড়িয়ে নেবে।



