ঈদে সর্বোচ্চ শো পেয়ে ‘রকস্টার’ দ্বিগুণ করেছে প্রদর্শনী
ঈদে সর্বোচ্চ শো পেয়ে ‘রকস্টার’ দ্বিগুণ করল প্রদর্শনী

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র এক দিনের ব্যবধানে সিনেমাটির প্রদর্শনী দ্বিগুণ করেছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রথম দিন শো ছিল ১৮টি, যা দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়িয়েছে ৩৬টিতে।

দর্শক চাহিদায় শো বৃদ্ধি

মাল্টিপ্লেক্স চেইন, একক হলসহ মোট ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘রকস্টার’। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দর্শক চাহিদায় সব শাখায় শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। এটিই ঈদে সর্বোচ্চ সংখ্যক শো পাওয়া সিনেমা।

দর্শক প্রতিক্রিয়া

গতকাল বৃহস্পতিবার মুক্তির পর অনেক দর্শকই সিনেমাটির প্রশংসা করেছেন। অ্যাকশন চরিত্রের বাইরে রোমান্টিক চরিত্রে শাকিব খানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। মুক্তির দিন হলে হলে ঘুরেছেন পরিচালক আজমান রুশো ও অভিনেত্রী সাবিলা নূর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালকের বক্তব্য

আজমান রুশো সাংবাদিকদের বলেন, ‘এই সিনেমায় অ্যাকশন বা আইটেম গান নেই। এত দিন ধরে যে ধারা চলে আসছিল, সেখান থেকে নতুন কিছু দর্শকদের দিতে চেয়েছি। ভালো লাগা বা খারাপ লাগা আপেক্ষিক ব্যাপার। মাত্র এক-দুটি শো শেষ হয়েছে, দর্শকদের কেমন লাগছে বুঝতে আরও সময় লাগবে।’ তিনি আরও বলেন, ‘রকস্টার’–এর মাধ্যমে একটি নতুনত্ব, একটি ভিন্ন ধারার গল্প দর্শকদের কাছে নিয়ে আসতে চেয়েছেন।

গল্প ও সংগীত

আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন। সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রযোজনা ও অভিনয়

অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। ছবিটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। সিনেমাটিতে শাকিব খানের তিন নায়িকা—সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।