টালিউড অভিনেত্রী রাইমা সেন অভিনীত সিনেমা ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ আগামী ২৯ মে মুক্তি পেতে যাচ্ছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা পরিচালিত এই সিনেমায় অদিতি চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। এতে আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ।
দুই সিনেমার মুক্তি
চলতি মাসে রাইমা সেনের আরেকটি সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাবে ২৭ মে। এতে টালি মেগাস্টার জিতের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এখন দেখার বিষয়, এই দুটি সিনেমা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিনা।
প্রথমবার উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে
‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত। এই প্রোডাকশন হাউসের সঙ্গে এটি রাইমার প্রথম কাজ। অন্যদিকে পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতাও প্রথমবার সেন পরিবারের সঙ্গে কাজ করলেন। শিবপ্রসাদ সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে পোস্ট করেছেন।
রাইমার অনুভূতি
শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করে রাইমা লিখেছেন, ‘২৫ বছর পর যখন ওরা অবশেষে আমাকে নিয়ে ভেবেছে, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি বুঝতে পারছিলাম না কী করব। কারণ ওদের সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম ওরা ভীষণ কঠোর ডিরেক্টর, কিন্তু নন্দিতা রায়ের সঙ্গে দেখা হওয়ার পর মনে হলো একদম অন্যরকম একজন মানুষ, যিনি আমার মায়ের মতোই।’
রাইমা জানান, নন্দিতা খুব শান্ত ও দয়ালু। কাজের পুরো সময় খেয়াল রেখেছেন। শিবপ্রসাদ সহজ-সরল। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব সুন্দর। বাকিদের সঙ্গেও এত ভালো সম্পর্ক ছিল যে শুটিং শেষ হয়ে গেল বুঝতে পারেননি। কখনো ক্লান্ত লাগেনি। তিনি বারবার তাদের সঙ্গে কাজ করতে চান।



