নব্বই দশকের কাল্ট ক্লাসিক সিনেমাগুলোর সিক্যুয়েল বানানোর যুগে দর্শকদের চাহিদা মাথায় রেখে 'তাল-২' সিনেমার সিক্যুয়াল নিয়ে ভাবছেন পরিচালক সুভাষ ঘাই। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার মুভি 'তাল'-এর দীর্ঘ ২৭ বছর পর এই সিক্যুয়াল আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সুভাষ ঘাইয়ের প্রশ্ন
সামাজিক মাধ্যমে সুভাষ ঘাই একটি প্রশ্ন রেখেছেন, যা 'তাল টু' নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। তিনি জানতে চেয়েছেন, আজকের দিনে 'তাল টু' তৈরি সম্ভব কিনা।
জেন জির প্রতিক্রিয়া
সুভাষ ঘাই বলেন, 'তালের চিত্রনাট্যে কোনো ভিলেন ছিল না, কোনো যৌনতার ছোঁয়া কিংবা হিংসা ছিল না। জেন জি এই গল্প কতটা পছন্দ করবে? আমরা স্ক্রিপ্ট প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। এখন মনে হচ্ছে— এটা হয়তো সঠিক সময় নয়।'
কাস্টিংয়ের গুরুত্ব
তিনি আরও বলেন, 'তাল তৈরি হওয়ার সময় অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া রাই বচ্চন দুজনেই ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছিলেন। পর্দায় তাদের প্রেমের গল্প দর্শকহৃদয় স্পর্শ করেছিল। অনিল কাপুর তখন অভিজ্ঞ অভিনেতা। তার চরিত্রও সেভাবে উপস্থাপিত হয়েছিল। একটি ভালো স্ক্রিপ্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক কাস্টিং। আমার যে ছবিগুলো বক্স অফিসে খারাপ ব্যবসা করেছিল, তার প্রধান কারণ ছিল ভুল কাস্টিং।'
সুভাষ ঘাই জানান, গত ১৫ বছর ধরে তিনি 'তাল'-এর সিক্যুয়াল বানানোর অনুরোধ পাচ্ছেন। জেন জিও তাকে সিক্যুয়াল বানাতে বলছে। তবে বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটাই কঠিন বলে মন্তব্য করেন তিনি।



