জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে সেখানে বিয়েই করতেন না বলে জাতীয় সংসদে কিছুটা রসিকতা করেছেন। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের আলোচনা শেষে হাসতে হাসতে এমন কথা বলেন তিনি।
হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের বাবার বাড়ি সুনামগঞ্জে। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন দিলারা হাফিজ। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
এছাড়া অধ্যাপক দিলারা হাফিজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত ১৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে মারা যান দিলারা হাফিজ।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি নোটিশের আলোচনায় বজ্রপাতের প্রসঙ্গ উঠলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেন যে, তিনি যদি জানতেন সুনামগঞ্জে এত বজ্রপাত হয়, তবে সেখানে বিয়েই করতেন না। তার এই মন্তব্যে সংসদ সদস্যরা হাসিতে ফেটে পড়েন।



