দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে কর্লিওনে অপরাধ সাম্রাজ্যের গল্প। মারিও পুজোর কিংবদন্তি ‘দ্য গডফাদার’ ঘিরে নতুন একটি উপন্যাস প্রকাশ করতে যাচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান র্যান্ডম হাউস। প্রথমবারের মতো কর্লিওনে পরিবারের কাহিনি তুলে ধরা হবে একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে। উপন্যাসটির নাম ‘Connie’, যা ২০২৭ সালে প্রকাশিত হবে।
লেখক ও চরিত্র পরিচিতি
উপন্যাসটি লিখছেন বেস্টসেলার লেখক অ্যাড্রিয়ানা ট্রিজিয়ানি। এটি মারিও পুজোর এস্টেট অনুমোদিত তৃতীয় ‘গডফাদার’ উপন্যাস এবং সিরিজটির ইতিহাসে প্রথম কোনো নারী লেখকের লেখা বই। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কনি কর্লিওনে। এই চরিত্রে চলচ্চিত্র ত্রয়ীতে অভিনয় করেছিলেন টালিয়া শায়ার, যিনি পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলারের বোন।
লেখকের বক্তব্য
এক বিবৃতিতে ত্রিজিয়ানি বলেন, ‘“Connie” নারী চরিত্রটি পৃথিবীতে নিজের পথ তৈরি করতে চায়, যেখানে আগে থেকেই তার পরিচয়, অবস্থান এবং তার সঙ্গে কেমন আচরণ করা হবে, সব নির্ধারণ করে রাখা হয়েছে। ডন ভিটো কর্লিওনে কিংবা মাইকেল কর্লিওনেকে যারা অবমূল্যায়ন করেছে, তারা বিপদে পড়েছে। কনির ক্ষেত্রেও সেটাই সত্য হবে।’
চলচ্চিত্র স্বত্ব ও আইনি লড়াই
‘দ্য গডফাদার’ চলচ্চিত্রগুলোর প্রযোজক প্যারামাউন্ট পিকচার্সের এখনও সিনেমার স্বত্ব নিজেদের কাছে রেখেছে। তবে নতুন উপন্যাসটির চলচ্চিত্রায়ণ নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পুজো ১৯৯৯ সালে মারা যাওয়ার পর কর্লিওনে চরিত্রগুলোর স্বত্ব নিয়ে তার এস্টেট ও প্যারামাউন্টের মধ্যে আইনি লড়াইও হয়েছিল।
পরিবারের ঐতিহ্য
মারিও পুজোর ছেলে ও এস্টেটের নির্বাহী অ্যান্থনি পুজো বলেন, ‘আমরা এমন কাউকে খুঁজছিলাম, যে নতুন দৃষ্টিকোণ থেকে এই গল্পটি বলতে পারবে। আমি যখন আদ্রিয়ানাকে বললাম যে ভিটো কর্লিওনে চরিত্রটি আসলে আমার দাদিকে কেন্দ্র করে রচিত, তখন সে বিস্মিত হয়েছিল। আমরা আলোচনা করেছি কীভাবে আমাদের দুই পরিবারেই নারীরা আড়াল থেকে সবকিছু পরিচালনা করতেন। কনির জীবন নিয়ে আদ্রিয়ানার ভাবনা আমাদের সবাইকে মুগ্ধ করেছে।’



