হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি অবশেষে তাঁর প্রেমিক স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ছবির অ্যালবাম শেয়ার করেন, যেখানে দেখা যায় ক্যালিফোর্নিয়ার একটি সংগীত উৎসবে কাটানো তাদের অন্তরঙ্গ মুহূর্ত। এই পোস্টের মাধ্যমেই কার্যত প্রেমের কথা নিশ্চিত করলেন তিনি।
ছবির অ্যালবামে যা দেখা গেল
সিডনি সুইনির শেয়ার করা ছবিগুলোতে তাঁর পাশে রয়েছেন সংগীতের প্রভাবশালী ব্যক্তিত্ব স্কুটার ব্রাউন। কখনো তিনি তাঁকে জড়িয়ে ধরে আছেন, কখনো কাঁধে তুলে নিয়ে উৎসবের ভিড়ে মেতে উঠেছেন দুজন। ছবির ক্যাপশনটি ছিল ‘কাউবয় কাইন্ড অব উইকেন্ড’, যা সম্পর্কের ইঙ্গিত বহন করে।
স্কুটার ব্রাউনের পোস্ট
সিডনির পোস্টের কিছুক্ষণের মধ্যেই ব্রাউন নিজের ইনস্টাগ্রামে একই উৎসবের ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, দুজনে একসঙ্গে গান গাইছেন, স্বতঃস্ফূর্ত মুহূর্ত কাটাচ্ছেন এবং ব্যক্তিগত সময় উপভোগ করছেন। এর আগে কয়েক দিন আগে ব্রাউন একটি সাদা-কালো ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন।
সম্পর্কের সূত্রপাত
ধারণা করা হয়, ২০২৫ সালের জুনে ইতালিতে জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়েতে প্রথম দেখা হয় সিডনি ও ব্রাউনের। এরপর ধীরে ধীরে তাঁদের একসঙ্গে সময় কাটানোর খবর সামনে আসতে থাকে। ২০২৫ সালের সেপ্টেম্বর নাগাদ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁদের সম্পর্কের খবর নিশ্চিত করা হয়। তখন একটি সূত্র জানিয়েছিল, দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে সিরিয়াস।
পূর্বের সম্পর্ক
এই সম্পর্কের আগে সিডনি দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে। ২০১৮ সালে শুরু হওয়া সেই সম্পর্ক ২০২৫ সালে ভেঙে যায় এবং বাগ্দানও বাতিল করেন দুজনে। অন্যদিকে স্কুটার ব্রাউন সাত বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন ইয়েল কোহেনের সঙ্গে, যার তিন সন্তান রয়েছে। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
সিডনির বিতর্ক ও সাফল্য
গত কয়েক বছরে সিডনি কেবল অভিনয় নয়, নানা কারণে আলোচনায় থেকেছেন। আমেরিকান ইগলের জন্য তাঁর একটি প্রচারণা ঘিরে ডানপন্থী ইঙ্গিত ও ‘প্রো-ইউজেনিকস’ বিতর্ক তৈরি হয়েছিল। পরে নিজের অন্তর্বাস ব্র্যান্ড চালু করেও নতুন বিতর্কে জড়ান। তবে বিতর্কের মধ্যেও সাফল্য থেমে থাকেনি। ২০২৫ সালে ‘দ্য হ্যান্ডমেড’ সিনেমার মাধ্যমে বড় সাফল্য পান তিনি। বর্তমানে এইচবিওতে চলছে সিডনি অভিনীত আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’র তৃতীয় ও শেষ মৌসুম।



