দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অপঘাতে মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ ও প্রশ্ন তুলেছেন। কুমিল্লায় চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রসঙ্গ টেনে মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
ফেসবুক পোস্টে শবনম ফারিয়ার বক্তব্য
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, 'আমাদের দেশে অপঘাতে মৃত্যুর খবরগুলো আমরা কেমন যেন ধীরে ধীরে 'নিউ নর্মাল' হিসেবে নিতে শিখে গেছি। কিছুক্ষণ শোক, কিছুক্ষণ আলোচনা, কিছু প্রতিবাদ, তারপর আবার সব আগের মতো।'
তিনি আরও লেখেন, 'সরকার বদলায়, আন্দোলন হয়, অনশন হয়, দেয়ালে পোস্টার লাগে… কিন্তু মানুষের জীবনের মূল্য যেন একই জায়গায় আটকে থাকে। তারপর কোনো তারকার বিয়ে, কারো বিচ্ছেদ, কেউ উটের দুধ দিয়ে গোসল করলো, কেউ আম/চানাচুর খেল, এসব নতুন আলোচনায় আমরা ডুবে যাই, আর একেকটা অসমাপ্ত জীবন, একেকটা ভেঙে যাওয়া পরিবারকে ভুলে যাই।'
বুলেট বৈরাগীর স্ত্রীর কথা ভেবে আবেগপ্রবণ শবনম
নিজেও হয়তো এর বাইরে নন উল্লেখ করে অভিনেত্রী লেখেন, 'কিন্তু কেন জানি গতকাল থেকে বুলেট বৈরাগীর স্ত্রীর মুখটা মাথা থেকে সরাতে পারছি না। কী মায়াবী একটা মেয়ে… নতুন মা। ওর চোখের দিকে তাকালেই বুকটা হাহাকার করে ওঠে। ভাবি, ওর জায়গায় আমি হতে পারতাম, আপনি হতে পারতেন, আমার বোন বা ভাবি, যে কেউ হতে পারতো।'
তিনি বলেন, 'এক মুহূর্তে জীবন ওলটপালট হয়ে গেল। যে মানুষটা ছিল ভালোবাসা, ভরসা, ভবিষ্যৎ, সে আজ শুধু স্মৃতি। নিজের বুকভাঙা কষ্ট সামলানোর আগেই এখন তাকে সন্তানের দায়িত্ব নিতে হবে, শ্বশুর-শাশুড়ির দায়িত্ব নিতে হবে। কারণ তাদেরও একমাত্র সন্তান ছিলেন বুলেট বৈরাগী।'
জীবনের অনিশ্চয়তা ও নিরাপত্তার প্রশ্ন
শবনম ফারিয়া আরও লেখেন, 'জীবন কতটা নির্মম, কতটা অনিশ্চিত! সকালে যে মানুষ ঘর থেকে বের হয়, সন্ধ্যায় সে ফিরবে এই নিশ্চয়তাটুকুও আজ নেই। শুধু সরকার পরিবর্তন হলে হবে না। যদি মানুষের নিরাপত্তা না বদলায়, যদি রাস্তায় বের হয়ে ঘরে ফেরার নিশ্চয়তা না থাকে তাহলে আমাদের কিছুই বদলায়নি।'



