আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের জামাতে মামদানি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একের পর এক চমক দিয়েই যাচ্ছেন। কোরবানির ঈদের লুক এখন রীতিমতো ভাইরাল। তিনি আর্সেনাল টিমের জার্সির পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় এই হ্যান্ডসাম আর জনপ্রিয় তরুণ রাজনীতিককে। আলাদা করে আন্তরিক সময় দেন তিনি তাঁর প্রিয় বাংলাদেশি কমিউনিটিকে নামাজের পর। আর্সেনাল টিমের সমর্থক মামদানির প্রিয় দলের জার্সির থিমে কাস্টম মেইড পাঞ্জাবি বা কুর্তার লুকের ছবি ও ভিডিও দেখে নেওয়া যাক।
ঈদের জামাতে মামদানির পোশাক
আর্সেনাল জার্সির পাঞ্জাবির সঙ্গে নীল স্ট্রেট কাট ট্রাউজার্স ও ব্রাউন লেদারের পেনি লোফার পরেছেন মেয়র মামদানি। আর্সেনাল অফিসিয়াল ২৫/৩৬ অ্যাওয়ে কিটের জার্সির পাঞ্জাবি বা কুর্তা পরেই ঈদের নামাজ আদায় করেন তিনি। নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার খোলা মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন মামদানি।
বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আন্তরিক সময়
সচরাচর স্যুটেই দেখা যায় তাঁকে। তবে এই জার্সি পাঞ্জাবিতে বেশ রিফ্রেশিং লাগছে খেলাপাগল এই মেয়রকে। পরিপাটি চুল-দাড়ির স্টাইলে হাস্যোজ্জ্বল মামদানি এসময় প্রবীণদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। হয়তো আরেক খুদে আর্সেনাল ফ্যানের দেখা পেয়েছেন মামদানি। আসছে শনিবারে চ্যাম্পিয়নস লীগে ফাইনাল খেলবে দলটি পিএসজির সঙ্গে। মামদানির শক্তিশালী সমর্থক বাংলাদেশি কমিউনিটিকে আলাদা করে আন্তরিক সময় দেন তিনি এসময়।



