পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে এখন জমে উঠেছে কোরবানির প্রস্তুতি। কোথাও বিশাল আকৃতির গরু, কোথাও বিদেশি জাতের পশু-সব মিলিয়ে দর্শনার্থীদের ভিড়ও দিন দিন বাড়ছে। সম্প্রতি ভাইরাল ট্রাম্প ও নেতানিয়াহু মহিষের পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অদ্ভুত বৈশিষ্ট্যের ‘নরেন্দ্র মোদি মহিষ’।
মহিষটির বিশেষত্ব
জানা যায়, মহিষটির নামের চেয়েও অস্বাভাবিক লম্বা আর সাদা দাড়ি ও ভিন্ন রকম চেহারার কারণে বেশি আলোচনায় এসেছে। বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে স্থানীয় একটি খামারে। সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। মোদি মহিষকে একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ।
খামারি ও দর্শনার্থীদের প্রতিক্রিয়া
খামারি ও দর্শনার্থীরা জানান, কোরবানির ঈদ সামনে রেখে এই মহিষকে দেখাতে জেলাজুড়ে শুরু হয়েছে হইচই। প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জে একটি খামারে ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে চেহারা ও চুলের মিল থাকায় ভাইরাল হয় একটি একই জাতের একটি মহিষ। এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ‘নরেন্দ্র মোদি মহিষ’। খামার সূত্রে জানা যায়, শুরুতে মহিষটির নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মাঝে শুরু হয় মজার আলোচনা। অনেকেই এর লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। পরে মজার ছলেই অনলাইন জরিপের মাধ্যমে নাম রাখা হয় মোদি।
ভিন্নধর্মী নামের পশু নিয়ে আগ্রহ
এদিকে ঈদুল আজহা ঘিরে এমন ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন খামারিরা। কারও নাম ট্রাম্প, কারও নেতানিয়াহু। এরই ধারাবাহিকতায় সেই তালিকায় আলোচনার কেন্দ্রে এসেছে মোদি নামের সাদা দাড়িওয়ালা মহিষ। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, খামারিরা তাদের আগ্রহ থেকে এসব নাম দিয়ে থাকে। এটা তাদের নিজস্ব বিষয়। জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিম
তিনি আরও জানান, কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব পালন করবে।
পূর্বের ভাইরাল মহিষ
উল্লেখ্য, শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয় নারায়ণগঞ্জ। এরপরই নতুন করে আলোচনায় এসেছে ক্ষ্যাপাটে মহিষ ‘নেতানিয়াহু’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে।



